‘বিভ্রান্ত করছেন’, সোনিয়ার বই পোড়ানো হল দিল্লির গুরুদ্বারের সামনে
  • ১৩ নভেম্বর, ২০২৬ ১২:১৭
Prefer us on Google

নয়া দিল্লি,১৩ নভেম্বর: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী বা স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইতে মিথ্যে বলা হচ্ছে! ভুল তথ্য যা অফিসিয়াল রেকর্ড বহির্ভূত, তা তুলে ধরা হচ্ছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির একাধিক নেতাদের তরফে। মিথ্যে বলছেন সোনিয়া, তাই বই পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন। ক্ষোভ প্রকাশ। একেবারে রকাবগঞ্জ গুরুদ্বারের সামনে। ১৯৮৪ সাল। শিখ-বিরোধী দাঙ্গায় প্রাণ হারিয়েছিলেন ২ হাজারেরও বেশি শিখ সম্প্রদায়ের মানুষ। তাঁদের পরিবারের সদস্যরাই এদিন প্রতিবাদে শামিল হন। বই পোড়ান।

Advertisement

নয়াদিল্লির রকাবগঞ্জ গুরুদ্বারের সামনে এই প্রতিবাদে শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। কমিটির এক সদস্য বলেন, ‘সোনিয়া গান্ধী ক্ষমা চান, কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া হচ্ছে।’ আরেক বিক্ষোভকারী বলেন, ‘যাঁরা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদেরকে সরকার পরে নির্বাচনের লড়াই করার জন্য টিকিট দেয়। তাঁদের নিরাপত্তা দেওয়া হয়। তাঁদের ক্লিন চিট দিয়ে দেওয়া হলো। কালো ইতিহাস।’

সোনিয়া গান্ধী তাঁর বইতে ১৯৮৪-র ঘটনাকে উল্লেখ করে লেখেন, ‘ভারতের ইতিহাসের একটি মর্মান্তিক ও লজ্জাজনক ঘটনা। বিকেলের দিকে দিল্লির বিভিন্ন প্রান্তে এবং তার বাইরেও দাঙ্গা ছড়িয়ে পড়ে। নিরপরাধ শিখদের উপর নৃশংস আক্রমণ চালানো হয়।’ কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ, রাজীব গান্ধী চাইলেই পাড়তেন দাঙ্গা থামাতে। কিন্তু তিনি তা করেননি। শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির প্রধান এটাও দাবি করেন, ‘সেই সময় রাজীব গান্ধী নিজে গিয়ে গিয়ে দেখেছিলেন। শিখদের ঘর চিহ্নিত করেছিলেন। আর বইতে সোনিয়া গান্ধী অন্য কথা লিখছেন।’