শ্রীনগর, ১৩ নভেম্বর: ‘চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান’—শক্তি চট্টোপাধ্যায়ের লেখা ‘আমি দেখি’ কবিতার বিশেষ অংশ। তাতে কবি চেয়েছিলেন ‘সবুজ’। কিন্তু জম্মু ও কাশ্মীরে এখন যত দূর চোখ যায়, কেবল সাদা আর সাদা! সবুজের চেনা আস্তরণ চাপা পড়ে গিয়েছে বরফের শুভ্র চাদরের তলায়।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একটানা বৃষ্টি চলে উপত্যকায়। অন্যদিকে, উঁচু পাহাড়ি অঞ্চলগুলিতে শুরু হয় মরশুমের প্রথম তুষারপাত। যার ফলে বরফের পুরু চাদরে একেবারে ঢেকে গিয়েছে কাশ্মীরের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলির অন্যতম গুলমার্গ ও সোনমার্গ। জোজিলা পাসেও তুষারপাতের ছবি ধরা পড়েছে। যা দেখে বেজায় খুশি পর্যটকরা। অনেকেই বলছেন, ‘উই আর লাকি!’
তবে বেশ কিছু এলাকায় প্রবল তুষারপাতের কারণে সাময়িকভাবে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। বরফের পুরু স্তরের কারণে যাতায়াতে কিছু অসুবিধার সম্মুখীনও হতে হচ্ছে পর্যটকদের। যদিও পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যান চলাচল দ্রুত সচল রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা থেকে বরফ সরানোর কাজ ইতিমধ্যে জোরকদমে শুরু করে দিয়েছে প্রশাসন। অন্যদিকে, ঘুরতে বেরিয়ে রাস্তায় জমে থাকা বরফের কারণে গাড়ি এগোতে না পারলেও তাতে বিন্দুমাত্র বিরক্তি নেই পর্যটকদের। বরং তাঁরা বরফ নিয়ে খেলতে রাস্তায় নেমে পড়ছেন। মেতে উঠেছেন স্নো-ফাইটে!



