Bartaman Logo
২৮ মে, ২০২৬

‘মহারাষ্ট্র নির্বাচনে বিজেপির জয় ম্যাচ ফিক্সিং’ কমিশনের জবাব পেয়ে ফের চ্যালেঞ্জ রাহুলের

ভোটের পর কেটে গিয়েছে ছ’মাসেরও বেশি। মহারাষ্ট্র বিধানসভা ভোটের ফলাফলে কারচুপির অভিযোগে ফের সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী

‘মহারাষ্ট্র নির্বাচনে বিজেপির জয় ম্যাচ ফিক্সিং’ কমিশনের জবাব পেয়ে ফের চ্যালেঞ্জ রাহুলের
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০

নয়াদিল্লি: ভোটের পর কেটে গিয়েছে ছ’মাসেরও বেশি। মহারাষ্ট্র বিধানসভা ভোটের ফলাফলে কারচুপির অভিযোগে ফের সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, মহারাষ্ট্রে বিজেপির জয় আসলে ম্যাচ ফিক্সিং। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল।  তাঁর এই অভিযোগ ঘিরে ফের তোলপাড় জাতীয় রাজনীতি। বিজেপির দাবি, বারবার ভোটে হারের হতাশা থেকেই তথ্যপ্রমাণ ছাড়া এধরনের অভিযোগ করছেন রাহুল। দলের সভাপতি জে পি নাড্ডার দাবি, বিহারে আসন্ন ভোটে হার নিশ্চিত বুঝেই এধরনের মনগড়া গল্প ফাঁদছেন রায়বেরিলির সাংসদ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও রাহুলের বিরুদ্ধে তোপ দেগেছেন। বলেছেন, এ ধরনের সারবত্তাহীন অভিযোগে রাজ্যের ভোটারদেরই অপমান করা হয়েছে।  জবাব দিতে দেরি করেনি  কমিশনও। এদিন রাহুলের অভিযোগকে আরও একবার খারিজ করে দিয়েছে তারা। যদিও এই জবাব ঘিরে ফের কমিশনকে চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল। তিনি বলেছেন, কোনও সাংবিধানিক প্রতিষ্ঠান এভাবে দায়সারা জবাব দিয়ে গুরুতর প্রশ্ন এড়িয়ে যেতে পারে না। 

Advertisement

এর আগে এদিন রাহুলের অভিযোগকে অর্থহীন আখ্যা দিয়ে কমিশন বলে, ভোটের সময় কোনও দল বা তাদের নিযুক্ত পোলিং এজেন্টরা অস্বাভাবিক ভোটদান নিয়ে কোনও গুরুতর অভিযোগ তোলেননি। ভোটার তালিকা নিয়েও বেনিয়মের কোনও অভিযোগ করা হয়নি। কংগ্রেসকে এব্যাপারে সমস্ত তথ্য কমিশন দিয়েছে। তা কমিশনের ওয়েবসাইটেও রয়েছে। এই সমস্ত তথ্য উপেক্ষা করেই একই অভিযোগ বারবার তোলা হচ্ছে। ভোটে হেরে কমিশনের বদনাম করার চেষ্টাকে অযৌক্তিক আখ্যা দিয়েছে কমিশন। 
এরপরই সংবাদসংস্থা কর্তৃক প্রকাশিত কমিশনের স্বাক্ষরহীন জবাব নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল। তিনি বলেছেন, কোনও কিছু লুকনোর না থাকলে কমিশন লোকসভা ও মহারাষ্ট্র সহ সমস্ত রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের একত্রিত, ডিজিটাল ও মেশিন রিডেবল ভোটার তালিক  প্রকাশ করছে না কেন? মহারাষ্ট্রের সমস্ত বুথে সন্ধ্যা পাঁচটার পরের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিও তুলেছেন রাহুল। 
২০২৪ সালে মহারাষ্ট্র ভোটে বিজেপি রেকর্ড সাফল্য পায়। অন্যদিকে, কংগ্রেস-এনসিপি (শারদ পাওয়ার)-শিবসেনা (উদ্ধব) কে নিয়ে গঠিত বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ির ভরাডুবি হয়। অথচ এর কয়েকমাস আগের লোকসভা ভোটে ব্যাপক সাফল্য পেয়েছিল বিরোধী জোট। রাহুল আগেও অভিযোগ করেছেন যে, বিধানসভা ভোটে বিজেপিকে জেতাতে ব্যাপক কারসাজি হয়েছিল।  ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ