শ্রমিক অসন্তোষ, বাংলাদেশ থেকে মুখ ফেরাল আন্তর্জাতিক পোশাক সংস্থারা, ক্ষতি ২৩৬১ কোটি টাকার
  • ২৮ নভেম্বর, ২০২৬ ১৭:৪৮
Prefer us on Google

ঢাকা, ২৮ নভেম্বর: বিশ্বে বস্ত্র রপ্তানিতে দ্বিতীয় বৃহত্তম দেশ বাংলাদেশ। মূলত এই শিল্পই সেই দেশের অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু সেদেশে লাগাতার চলা শ্রমিক অসন্তোষ, মজুরি বৃদ্ধি সংক্রান্ত ইস্যু এবং কারখানা বন্ধ থাকার ফলে এই শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই জারা, এইচঅ্যান্ডএম, এমঅ্যান্ডএস এবং সেলিও-র মতো নামী আন্তর্জাতিক পোশাক সংস্থা তাঁদের দেওয়া অর্ডার বাতিল করেছে। নভেম্বরের শেষের দিকেই বাংলাদেশের বদলে ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়ায় মতো দেশকে তারা সেই বরাত দিয়ে দিয়েছে। এর ফলে বাংলাদেশের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫৪ মিলিয়ন ডলারে। যা ভারতীয় মুদ্রায় যা ২ হাজার ৩৬১ কোটি টাকা। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশের ৮০ শতাংশ আয় আসে বস্ত্রসামগ্রী রপ্তানির মাধ্যমেই। বাংলাদেশের জিডিপি-তেও বস্ত্রশিল্পের অবদান রয়েছে। কিন্তু বর্তমানে এই অস্থির পরিস্থিতির ফলে ইতিমধ্যেই দেশের প্রায় ৪০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক। 

Advertisement

সে দেশের সরকার বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু আন্দোলনকারীদের দাবি, এই প্রস্তাব গত চার দশকে সর্বনিম্ন। যদিও সে দেশের শ্রমমন্ত্রকের তরফে ৩৬ শতাংশ বৃদ্ধির প্রস্তাবকে সন্তোষজনক বলেই দাবি করা হয়। কিন্তু তা মানতে নারাজ ছিলেন শ্রমিকরা। সূত্রের খবর, বিক্ষুব্ধ শ্রমিকরা তাঁদের মজুরি দ্বিগুন করার দাবি জানিয়েছিলেন। যা স্বাভাবিকভাবেই মানা হয়নি। এরপরই শ্রমিক অসন্তোষের জেরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ-সহ একাধিক রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। বহু গাড়িতে আগুন লাগানো হয় বলেও অভিযোগ। মোটের উপর পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে চলে যায়। অনেক কারখানার মালিক দাবি করেন, কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের দাম অত্যাধিক বৃদ্ধির ফলে মজুরি দ্বিগুন করা কার্যত অসম্ভব। বহু কারখানা কর্তৃপক্ষ দাবি করেন তাঁরা প্রায় ২০ দিন উৎপাদনই করতে পারেননি। ফলে বরাত পাওয়া কাজ সময়ের মধ্যে শেষ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এর জন্য মজুরি বৃদ্ধি করা যাবে না। ফলে দেশের বস্ত্র শিল্পের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত কয়েক কোটিরও বেশি মানুষ সমস্যার মধ্যে পড়েন। এই অবস্থায় নিজেদের অর্ডার দ্রুত পেতে ভারত, ইন্দোনেশিয়া-সহ অন্যান্য দেশকে বরাত দেয় জারার মতো নামী পোশাক সংস্থারা। যার জন্য বাংলাদেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যা আগামী বেশ কয়েক বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।