নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে (আইএসআই) ৩৩ জন সদস্য নিয়ে গঠিত নতুন কাউন্সিল সম্প্রতি দায়িত্ব নিয়েছে। কেন্দ্রীয় সরকার আইএসআই-এর জন্য যে নতুন আইন করতে চাইছে সেখানে এই কাউন্সিলের অস্তিত্ব থাকবে না। নতুন আইন তৈরির জন্য যে প্রস্তাবিত বিল করা হয়েছে সেটি এখন সংসদের অর্থ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির বিবেচনাধীন। আইএসআই সূত্রের খবর, সম্প্রতি স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠক হয় দিল্লিতে। সেখানে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য সঞ্জীব সান্যাল ৩৩ জন সদস্যের কাউন্সিল রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, মাত্র পাঁচজন কাউন্সিল সদস্য সরকার মনোনীত। আইএসআই সরকারি অর্থে চলে। কিন্তু এর প্রশাসন অনেকটাই পরিচালিত হয় আইএসআই সোসাইটির ১২০০ জন সদস্যের মাধ্যমে।
নতুন প্রস্তাবিত আইনের খসড়ায় আইএসআই-এর সোসাইটির অস্তিত্ব রাখা হয়নি। বোর্ড অব গভর্ন্যান্সকে দিয়ে আইএসআই পরিচালিত হবে। এই বোর্ডের সদস্য সংখ্যা হবে ১১ জন। সদস্যদের মূলত কেন্দ্রীয় সরকার মনোনীত করবে। এখন কাউন্সিলের সদস্যদের একটা অংশ সোসাইটির সদস্য, আইএসআই-এর শিক্ষক, কর্মী প্রভৃতিদের মাধ্যমে নির্বাচনি প্রক্রিয়ায় আসেন। দুবছরের মেয়াদে কাউন্সিল গঠিত হয়। সেপ্টেম্বর মাসে আইএসআই-এর নতুন কাউন্সিল ও প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েছেন। প্রেসিডেন্ট হয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অবসরপ্রাপ্ত ডিরেক্টর পদ্মনাভন বলরাম। এখন আইএসআই-এর প্রেসিডেন্ট কে হবেন সেই ব্যাপারে সুপারিশ করে কাউন্সিল। সোসাইটি সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা অনুমোদিত হয়।
কেন্দ্রীয় সরকার আইএসআই-এর জন্য নতুন আইন করে তার সাংগঠনিক ও পরিচালন ব্যবস্থার পুরো পরিবর্তন করতে চেয়ে যে নতুন আইনের খসড়া বিলটি তৈরি করে তার তীব্র বিরোধিতা আসে সংস্থার মধ্যে থেকে। বিলটি সংসদে পেশ হওয়ার পর অর্থ মন্ত্রকের সংসদীয় কমিটির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়। কমিটিকে ডিসেম্বর মাসের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। সংসদীয় কমিটি চলতি মাসের শেষ সপ্তাহে বরানগরে আইএসআই ক্যাম্পাসে আসবে। এই কমিটিতে রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম এবং তৃণমূল কংগ্রস এমপি সৌগত রায়। ৩০ জন সদস্যের মধ্যে ২০ জন লোকসভার এবং ১০ জন রাজ্যসভার সদস্য। সংসদসীয় কমিটির সঙ্গে আইএসআই কর্তৃপক্ষের পাশাপাশি অধ্যাপক, ছাত্র ও কর্মী-আধিকারিকদের প্রতিনিধিদের বৈঠক হবে।



