Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইংলিশ ফুটবল লিগে ক্লাব কিনল পাঞ্জাব ওয়ারিয়র্স

১০০৮ দিনের প্রতীক্ষার অবসান। অবশেষে মিলল সবুজ সঙ্কেত। ইংলিশ ফুটবল লিগের ঐতিহ্যশালী ক্লাব মোরকাম্বে এফসি’র মালিকানা এখন পাঞ্জাব ওয়ারিয়র্সের হাতে।

ইংলিশ ফুটবল লিগে ক্লাব কিনল পাঞ্জাব ওয়ারিয়র্স
  • ৯ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ১০০৮ দিনের প্রতীক্ষার অবসান। অবশেষে মিলল সবুজ সঙ্কেত। ইংলিশ ফুটবল লিগের ঐতিহ্যশালী ক্লাব মোরকাম্বে এফসি’র মালিকানা এখন পাঞ্জাব ওয়ারিয়র্সের হাতে। ইংলিশ ফুটবলে ক্লাব অধিগ্রহণের পর উচ্ছ্বসিত লন্ডনের শিখ সম্প্রদায়। উল্লেখ্য, ২০২২ সাল থেকেই মোরকাম্বে এফসি কেনার চেষ্টায় ছিলেন তাঁরা। কিন্তু আইনি জট কাটিয়ে অনুমতি আদায়ের পদ্ধতি বেশ জটিল ও সময়সাপেক্ষ। অবশেষে মালিকানা হস্তান্তরের বিষয়ে সম্মতি জানিয়েছে ইংলিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, দ্রুত সইসাবুদের পালা সেরে ফেলা হবে।

Advertisement

মোরকাম্বে এফসি ইংল্যান্ডের অন্যতম প্রাচীন ক্লাব। ১৯২০ সালে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। তবে ঐতিহ্যশালী হলেও তাদের সাম্প্রতিক পরিস্থিতিতে মোটেও ভালো নয়। ইংলিশ ফুটবল লিগ টু’থেকে অবনমন পর্যন্ত এড়াতে পারেনি মোরকাম্বে। আর্থিক অবস্থা একেবারে তলানিতে। এই অবস্থায় দীর্ঘদিন ধরেই ক্লাবটি কেনার জন্য চেষ্টা করছিল স্থানীয় শিখ সম্প্রদায়। কুলজিৎ সিং মোমি’র নেতৃত্বে আপাতত ক্লাবের মালিকানা তাদের পকেটে। পাঞ্জাব ওয়ারিয়র্সের তরফে গুরপ্রীত সিং জানিয়েছেন, ‘এটা অত্যন্ত গর্বের মুহূর্ত। মোরকাম্বে এফসি-র ঐতিহ্য সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এই চুক্তির সঙ্গে শুধু ব্যবসায়িক স্বার্থ জড়িত নয়। বরং দলের উন্নতির জন্য আমরা দায়বদ্ধ। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগতে চাই।’ অন্যদিকে ইংলিশ ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাবের সোনালি দিন ফিরিয়ে আনতে সাফল্যের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চান তাঁরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ