‘শুধু সময়ের অপেক্ষা...’, বিশেষ অধিবেশনের আগেই মোদির হুঙ্কার! ‘ক্ষমতায় থাকার ফন্দি’, পাল্টা খাড়্গে
  • ২৮ নভেম্বর, ২০২৬ ১৬:৪৯
Prefer us on Google

নয়াদিল্লি, ২৮ নভেম্বর: সংসদের বিশেষ অধিবেশনের আগে বিরোধীদের তীব্র নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দুপুরে সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী। বলেন, ‘নারীশক্তিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে আমরা বদ্ধপরিকর।’ নরেন্দ্র মোদি দাবি করেন, ‘দেশের একশো শতাংশ মহিলার আশীর্বাদ আমাদের উপরে রয়েছে।’ এর পরেই হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘মহিলা সংরক্ষণের পথে আসা প্রত্যেক বাধা আমরা অতিক্রম করব।’ 

Advertisement

বিরোধীদের তীব্র কটাক্ষও করেন প্রধানমন্ত্রী। একের পর এক তোপ দাগেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করছেন, তাঁরা সংসদ ও বিধানসভায় নারীশক্তির প্রতিনিধিত্ব বৃদ্ধি আটকাতে পারবেন না। প্রতিশ্রুতি পূরণ শুধু সময়ের অপেক্ষা।’ পাল্টা তোপ দেগেছে কংগ্রেসও। ‘সারাজীবন ক্ষমতায় থাকার ফন্দি’, বলে বিজেপিকে এদিন তীব্র কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। 
এ দিন দিল্লিতে মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে ডাকা ‘ইন্ডিয়া’ ব্লকের বৈঠকে অনুপস্থিত ছিলেন শরদ পাওয়ারের এনসিপি। জোটের সঙ্গ ছেড়েছে ডিএমকে-ও। এদিন বৈঠক শেষে খাড়্গে বলেন, ‘এই বিল গণতন্ত্রের উপর আঘাত। সব ক্ষমতা নিজেদের হাতে রাখতেই আসনসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।’