Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

পূজার রোজনামচা

সমাজ মাধ্যমের দৌড় যে কত দূর যেতে পারে তা পূজা প্রধানকে দেখলে বোঝা যায়। পুরো নাম পূজারিণী প্রধান। মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে তাঁর বাস।

পূজার রোজনামচা
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সমাজ মাধ্যমের দৌড় যে কত দূর যেতে পারে তা পূজা প্রধানকে দেখলে বোঝা যায়। পুরো নাম পূজারিণী প্রধান। মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে তাঁর বাস। সাধারণ জীবনযাপন, অতি সাধারণ সাজ পোশাক, সহজ চালচলন, সরল আচরণ। তবু তিনি আলোচ্য। আলোচনার কারণ জড়তাহীন ভাবে তাঁর ইংরেজিতে কথা বলার অভ্যাস। পূজার মধ্যে কোনো দেখনদারি নেই। সহজভাবে নির্ভুল ইংরেজিতে কথা বলার প্রয়াসই তাঁকে বাকিদের থেকে আলাদা করেছে। 

Advertisement

নিজের দৈনন্দিন জীবনের টুকরো টুকরো ছবি রোজই সমাজ মাধ্যমে পোস্ট করেন পূজা। নিজের যৌবনের গল্প, স্বপ্ন, ইচ্ছেগুলো শ্রোতা, দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়াই তাঁর উদ্দেশ্য। আর এই পোস্ট, রিল বা স্টোরি যা-ই তিনি বানিয়ে পোস্ট করেছেন তা সবই করেছেন ইংরেজিতে। নিজের অকপট স্বীকারোক্তি, ‘আমার উচ্চারণ খুবই খারাপ, ইংরেজিও ভালো জানি না। তবু ইংরেজিতেই পোস্টগুলো করি। কেন জানেন? দুটো কারণে, প্রথমত আমি গ্রামের মেয়ে। এখানে সমাজ বিরাট সমালোচক। মেয়েরা ভিডিও করে সমাজ মাধ্যমে কিছু পোস্ট করলে তাদের খারাপ চোখে দেখা হয়, তাই ভাবলাম আমাদের গ্রামে তো কেউ ইংরেজি জানেই না, ফলে আমি যদি ইংরেজিতে পোস্ট করি কম লোক দেখবে, কেউই প্রায় বুঝবে না, সমালোচনাও হবে না। আর দ্বিতীয় কারণ হল, বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছনো। ইংরেজিতে পোস্ট করলে তা গ্রাম ছাড়িয়ে শহর, দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত পৌঁছতে পারে।’ এমনই সোজাসাপটা কথা বলেন পূজা। তাঁর ঘরকন্নার রোজনামচা পোস্ট করেন সমাজ মাধ্যমে। একদম সাধারণ জীবনকেও কীভাবে অসাধারণ করে তোলা যায় তা বুঝি পূজার কাছেই শেখা দরকার। সেই ঘরকন্নার মধ্যে ছেলের বড়ো হয়ে ওঠা, খেলাধুলো, পাড়ার বন্ধুদের সঙ্গে ঝগড়া, স্বামীর রান্না থেকে শুরু করে কোনো বই পড়ে সে বিষয়ে আলোচনা, গান শোনা, সাজগোজের নানাবিধ টিপস সবই ধরা থাকে। পূজার সংসার বা লাইফ অব পূজা দেখে মুগ্ধ দর্শক। কারও কাছে পূজার এই সহজ যাপন অবসর কাটানোর উপায়, কেউ বা অনুপ্রেরণা পান তাঁর থেকে। তাই তো সমাজ মাধ্যমে তাঁর ফলোয়ারের সংখ্যা ক্রমবর্ধমান। প্রতিদিনই এই সরল জীবনের নেশায় কেউ না কেউ মুগ্ধ যান। ফলোয়ারের সংখ্যা বাড়তে থাকে পূজার।  

সম্পর্কিত সংবাদ