একমঞ্চে বিমান-কুণাল-শুভঙ্কর-প্রসূন-মদন, সব বিরোধ ভুলে তাঁদের মেলালেন তিনিই!
  • ১৩ নভেম্বর, ২০২৬ ১৫:৩০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ পর্যন্ত তিনিই পারলেন, রাজনৈতিক সমস্ত বেড়া ভেঙে তাঁদের একমঞ্চে মেলাতে পারলেন! আজ, ১৩ নভেম্বর কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মবার্ষিকী। বিবাদী বাগে তাঁর মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে একমঞ্চে মমতা তৃণমূল-ঋতব্রত তৃণমূল-কংগ্রেস-সিপিএম নেতারা। প্রিয়রঞ্জনের জন্মদিনের এই অনুষ্ঠান যেন মিলিয়ে দিয়েছে সকলকে।

Advertisement

এদিনের অনুষ্ঠানে সিপিএমের প্রবীণ নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন মমতা তৃণমূলের নেতা ও বিধায়ক কুণাল ঘোষ। পাশাপাশি বসে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায় বর্ষীয়ান নেতা তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রকে। বিমান বসুর পাশেই বসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও।

এদিন মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিতও দিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। কলকাতায় প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিনের অনুষ্ঠান থেকে তিনি বললেন, ‘খেলার ময়দানে অনেকবার দল পালটেছি। এখন একটা রাজনৈতিক দলে আছি ঠিকই। তবে আমি আবার ফিরে আসব।’ বসলেন বিধায়ক কুণাল ঘোষের পাশে। অন্যদিকে, রাজনীতির ময়দানে চিরসবুজ তথা ‘এভারগ্রিন’ নেতা মদন মিত্রও এই অনুষ্ঠানে যোগ দিয়ে সবার নজর কাড়েন।

তবে শুক্রবার বিবাদী বাগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে সব রাজনৈতিক মতভেদ ভুলে হেভিওয়েট নেতাদের একসঙ্গে একমঞ্চে দেখে রাজনৈতিক মহলের একাংশের মত, রাজনীতি ঠিক এমনই হওয়া উচিত। যেখানে লড়াই ও মতপার্থক্য যেমন থাকবে, তেমনই বন্ধুত্বও অটুট থাকবে।