নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমানে থানা, ফাঁড়ি, বারাকে ক’জন পুলিশকর্মী রাত কাটাতে পারেন তা নিয়ে সমীক্ষা চালানোর নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা। এর জন্য ১২ নভেম্বর কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার-৩ অশেষ বিশ্বাসের নেতৃত্বে কমিটি গঠন করল লালবাজার। প্রাথমিক সমীক্ষা শেষে এই কমিটি রিপোর্ট পেশ করবে।
উল্লেখ্য, কলকাতা পুলিশে সদ্য চার হাজার অতিরিক্ত কনস্টেবল নিয়োগ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা মাথায় রেখে কলকাতা পুলিশের বারাকে আবাস সমস্যা মোকাবিলার জন্য এই আগাম পরিকল্পনা বলে জানা গিয়েছে। সিপির ওই নির্দেশিকায় বলা হয়েছে, বর্তমানে কলকাতা পুলিশের সব ব্যাটালিয়ন সহ সমস্ত বারাকে মোট বেডের সংখ্যা, তাতে ক’জন পুলিশকর্মী বসবাস করছেন, পাশাপাশি সেখানে পানীয় জল, বিদ্যুৎ, নিকাশির ব্যবস্থা রয়েছে কি না, তা বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে। আবার নির্দেশিকায় ডিভিশনের ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে, জরুরি পরিস্থিতিতে ডিসির ছায়াসঙ্গী হিসাবে থাকা ‘ট্যাক’ টিমের সদস্যদের রাত কাটানোর ব্যবস্থা, ডিভিশনের অধীনস্থ থানার বারাকে বেডের সংখ্যার মতো তথ্য জানাতে বলা হয়েছে। বিকল্প কোনো জায়গা ব্যবহার করা হলে তা রিপোর্টে জানাতে হবে ডিসিদের। এছাড়াও ডিভিশনের ডিসির কাছ থেকে পুলিশের কোনো অফিস বা অন্য কোনো বিকল্প জায়গায় বারাক নির্মাণের জন্য লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ভাঙড় অধিগ্রহণের পর এখনও ওই ডিভিশনের থানা-ফাঁড়িতে পুলিশকর্মীদের পর্যাপ্ত বারাক নেই। ফলে সেখানে পোস্টিং হলে সমস্যায় পড়ছেন নীচুতলার পুলিশকর্মীরা। অধিকাংশ ক্ষেত্রে পুলিশকর্মীদের রোজ দীর্ঘপথ পাড়ি দিয়ে কাজে যেতে হয়। ফলে ভাঙড়ে কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে পুলিশকর্মীদের সিংহভাগের ক্ষেত্রেই অনীহা রয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার-৩ অশেষ বিশ্বাসের নেতৃত্বে গঠিত কমিটি ব্যাটালিয়ন এবং ডিভিশনের ডিসিদের কাছ থেকে আসা লিখিত প্রস্তাব খতিয়ে দেখবেন। পাশাপাশি,আগামী ১৫ বছরে বাহিনীতে কনস্টেবলদের সংখ্যা আগাম আঁচ করে, সেই মতো নতুন বারাক নির্মাণের প্রস্তাব কার্যকর করবে।



