নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলগাছিয়ায় ইতিহাস প্রসিদ্ধ পরেশনাথ মন্দিরের পুকুরে থাকা বিশাল সাইজের মাছেরা কলকাতার বহু ঘটনার সাক্ষী। এই সমস্ত মাছেদের গায়ে কালো জমাট বাঁধা শেওলা। আজও তারা ওই পুকুরে বহাল তবিয়তে ঘুরে বেড়ায়। সঙ্গে রয়েছে কিছু কচ্ছপও। এই মাছ ও কচ্ছপরা কতদিনের পুরানো, তা মনে করতে পারেন না মন্দির দেখভালের দায়িত্বপ্রাপ্তরা। কয়েকজন কর্মীর কথায়, ‘মন্দির চত্বর নির্জন থাকলে মাছেদের দেখা মেলে। আর কোলাহলে পুকুরের জলে বুদবুদ ছাড়া আর কিছুই দেখা যায় না। নিমেষে জলের তলায় তারা উধাও হয়ে যায়।’ মন্দিরের এক সেবায়েত সুরেন্দ্র সিং দীর্ঘদিন ধরে এই মন্দিরের কাজের সঙ্গে যুক্ত। তিনি বলেন, ‘বিভিন্ন মানুষ এটিকে পরেশনাথের মন্দির বললেও এই মন্দিরের আসল নাম, ‘শ্রীপার্শ্বনাথ দিগম্বর জৈন উপবন মন্দির।’ এখানে বহু কিছু দেখার আছে। তার মধ্যে এই মন্দিরের পুকুরে থাকা মাছেরাও আজ যেন এক দ্রষ্টব্যে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘ওদের খাবার হল আটা। প্রতিদিন চার‑পাঁচ কেজি আটার গোল্লা ওই জলে ফেলা হয়। নিমেষে তা খেয়েই জলে তলিয়ে যায় বিভিন্ন ধরনের বড়ো মাছ। কোনোদিনের জন্য জল থেকে তোলা হয়নি ওই মাছেদের। কোনোটার ওজন পাঁচ কেজি, কোনোটার আট কেজি।’ মন্দির সূত্রে জানা গিয়েছে, এই পুকুরেই বহু বছর আগে ছাড়া হয়েছিল কয়েকটি কচ্ছপ। তারা পুকুরের গভীরে ঝিম মেরে পড়ে রয়েছে। মাছেদের দেখা মিললেও পুকুরে থাকা কচ্ছপদের দেখা মেলে না। সবমিলিয়ে এখানকার পুকুরে থাকা মাছ‑কচ্ছপদের নিয়ে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ প্রবল।
শুধু পুকুরের মাছই নয়। এই মন্দির চত্বরে উড়ে আসে প্রতিদিন কমপক্ষে পাঁচ থেকে সাত হাজার ঘোলা পায়রা। সূর্য ওঠার আগে তারা মন্দিরের মূল ফটক ও তার আশপাশ চত্বরে ছড়িয়ে পড়ে। তাদের জন্য লাগে প্রতিদিন ৫০ কেজি বাজরা। এর বাইরেও কোনো কোনো দর্শনার্থী বাইরে থেকে এই বাজরা কিনে পায়রাকে খেতে দেন। হাজার হাজার পায়রার এই সমাবেশ দেখতেও প্রতিদিন ভিড় জমায় বহু মানুষ। কাউকে কাউকে দেখা যায়, মন্দিরের ফটকের গেট দিয়ে উকিঝুঁকি মেরে পায়রার দলকে দেখতে। মন্দিরের মূল গেট দিয়ে ঢোকার পরই দেখা মিলবে একপাশে ডাঁই করে বস্তা বস্তা রাখা রয়েছে। সকাল ও বিকালে দেওয়া হয় শস্যদানা। মন্দির চত্বরেই ঘেরা একটি নির্দিষ্ট ‘জোন’তৈরি করা হয়েছে। সেখানেই প্রতিদিন শস্যদানা ছড়িয়ে দেওয়া হয়। তার পাশেই আছে জলের পাত্র। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই হাজার হাজার পায়রা মন্দিরের আশপাশে ঘুলঘুলিতে আশ্রয় নিয়ে থাকে।



