নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এলপিজির বিকল্প হিসাবে উঠে এসেছে বায়োগ্যাস। তা দিয়েই দিব্যি হচ্ছে রান্না। ভিবি জি রাম জি প্রকল্পের মাধ্যমে জয়নগরে এখন গোবর থেকে উৎপাদিত গ্যাসে বিভিন্ন পদ রান্না হচ্ছে। এখানে ১৭টি বাড়িতে তৈরি হয়েছে বায়োগ্যাসের পরিকাঠামো। সেখানে গোবর থেকে উৎপাদিত গ্যাসের পাইপলাইন রান্নাঘরের ওভেনে যুক্ত করা হয়েছে। তাতেই সকাল-বিকাল চলছে রান্না। জানা গিয়েছে, যাঁদের দুটি করে গোরু আছে, এমন ৭৩টি পরিবারকে চিহ্নিত করা হয়েছিল। তাঁদের মধ্যে ১৭টি বাড়িতে এই গোবর গ্যাস উৎপাদনের পরিকাঠামো তৈরি করা হয়েছে ভিবি জি রাম জি প্রকল্পের মাধ্যমে।
আগামী দিনে বাকিদের বাড়িতেও পরিকাঠামো গড়া হবে। প্রশাসন সূত্রে খবর, কেন্দ্রীয় প্রকল্পে গ্রামে সম্পদ তৈরি করার উপর জোর দিতে বলা হয়েছে, যেমন রাস্তা, স্কুলবাড়ি, পাঁচিল, শৌচালয় প্রভৃতি। কিন্তু ব্লক প্রশাসন এর বাইরেও কিছু করার জন্য বায়োগ্যাস তৈরির উদ্যোগ নেয়। কারণ এখানে বহু বাড়িতেই গবাদি প্রাণী রয়েছে। সেই প্রাণীগুলির গোবর দিয়েই জ্বালানি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। দুটি পিট বানানো হয়। একটিতে গোবর দেওয়ার জন্য এবং অপরটি গ্যাস উৎপাদনের পর যে বাকি অংশ পড়ে থাকবে, সেটা জমা করার জন্য। এই অবশিষ্টাংশ দিয়ে সার বানানো যাবে। আরেকটি ডোম আকারের পিট নির্মাণ করা হয়েছে, যার মধ্যে ওই গোবরের অংশ বিশেষ এক ব্যাকটেরিয়ার সঙ্গে মিশিয়ে রাখা হয়। তার থেকেই মিথেন গ্যাস উৎপন্ন হয়। সেটাই ওই পাইপের সাহায্যে ওভেনে যাচ্ছে। এক অফিসার বলেন, দু’টি গোরু থেকে পাওয়া গোবর একটি পিটে দেওয়ার পর সেটা এক বিশেষ যন্ত্রের সাহায্যে ঘোরাতে হয়। ভিতর দিয়ে একটি পাইপ যুক্ত রয়েছে। উৎপাদিত গ্যাস সেই পাইপের সাহায্যে ওভেনে চলে আসছে এবং আগুন দিলে সেটা জ্বলে উঠছে। পরীক্ষা করে দেখা গিয়েছে, প্রতিদিন চারজনের পরিবারে সকাল, দুপুর, রাত ও কয়েকবার চা করার মতো গ্যাস উৎপাদন হচ্ছে। তবে কতটা করে গোবর দেওয়া হচ্ছে, সেটার উপর সবটাই নির্ভর করবে।
জয়নগর ১ ব্লকের জাঙ্গালিয়া পঞ্চায়েতের বাসিন্দা কমল নস্কর বলেন, বায়ো গ্যাসের সাহায্যে আমার বাড়িতে এখন রান্না হচ্ছে। বর্তমানে এলপিজি সিলিন্ডারের যা দাম, তাতে এই নয়া উদ্যোগ অনেকটা সাহায্য করবে। খরচে সাশ্রয় হবে।



