নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমাজবিরোধীদের হামলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল গড়িয়াহাট এলাকার বন্ডেল রোড। তারা ওই এলাকায় বেআইনিভাবে মদ ও গাঁজার ঠেক চালায় বলে অভিযোগ। একটি ঘটনাকে ঘিরে স্থানীয় ক্লাবের সদস্যদের সঙ্গে তাদের বচসা হওয়ায় গভীর রাতে চপার ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ওই সমাজবিরোধীরা। চপারের আঘাতে আহত হয়েছেন ওই ক্লাবের পাঁচ সদস্য। তাঁদের মাথায় একাধিক সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। আহতদের অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শেষমেশ ঘটনার প্রায় ২৪ ঘণ্টা বাদে তিন অভিযুক্ত শৈলেন্দ্র সাউ, সত্যম সাউ ও বিনোদ ঠাকুরকে গ্রেপ্তার করেছে গড়িয়াহাট থানার পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বন্ডেল রোড এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজো উপলক্ষ্যে ওইদিন সন্ধ্যায় ক্লাবে জলসার অনুষ্ঠান ছিল। জলসা শেষে যখন ক্লাবের সদস্যরা সেখানে বসেছিলেন, তখন প্রায় ১৫ জন যুবক আগ্নেয়াস্ত্র ও চপার হাতে ওই ক্লাবের সামনে আসে। অভিযোগ, তারা চপার দিয়ে এলোপাথাড়ি কোপ মারে উপস্থিত ক্লাব সদস্যদের। এই হামলায় গোপাল সাউ, মুন্না মাহাত, ভিকি মাহাত সহ পাঁচজন আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। খবর পেয়ে আসে গড়িয়াহাট থানার পুলিশ। আহতরাই জানিয়েছেন, শৈলেন্দ্র সাউ ও তার ছেলে সত্যমের দলবল এই হামলা চালিয়েছে। এরপর তাদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কয়েকদিন আগে এলাকায় ক্রিকেট খেলা নিয়ে বচসায় জড়ায় স্থানীয় কিশোররা। সেই সময় গোপাল সাউ সহ ক্লাব সদস্যদের মধ্যস্থতায় বিষয়টি মিটে যায়। সেখানে শৈলেন্দ্রদের মত কয়েকটি পরিবারের ছেলেরাও খেলছিল। তারাই খবর দেয় বাড়িতে। ওই ছেলেরা বলে, ক্লাবের সদস্যরা তাদের মারধর করেছে। এই অভিযোগকে ঘিরেই তারা ঝামেলায় জড়ায় ক্লাবের কয়েকজনের সঙ্গে। তখনকার মত ঝামেলা মিটে গেলেও চাপা ক্ষোভ ছিল শৈলেন্দ্রদের। জলসা শেষে শৈলেন্দ্রর পাশের বাড়িতে ঘুমোতে যান ক্লাবের কয়েকজন। রাতে ওই পাড়ারই বাসিন্দা গোপাল ওই বাড়িতে গিয়ে তাঁর বন্ধুদের ডাকাডাকি করলে ঘর থেকে বেরিয়ে আসে শৈলেন্দ্র ও সত্যম। কেন চেঁচামেচি, এই প্রশ্ন তুলে ফের বিবাদে জড়িয়ে পড়ে তারা। ক্লাবের সদস্যরা এরপর জলসা মঞ্চের কাছে এসে ফিরে আসে। সেই সময় চপার হাতে মদ-গাঁজার কারবারিরা হামলা চালায় তাঁদের উপর। চপারের এলোপাথারি কোপে জখম হন পাঁচজন। আহতদের দাবি, অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল। রিভলবারের বাট দিয়েও আঘাত করা হয়েছে। ক্লাবের অন্য সদস্যরা রুখে দাঁড়ালে অভিযুক্তরা পালিয়ে যায়। আহতরা দাবি করেছেন, শৈলেন্দ্র এলাকায় গাঁজা মদের ঠেক চালায়। সমাজবিরোধী কাজের সঙ্গেও তারা যুক্ত। তাদের বিরুদ্ধে আগেও থানায় অভিযোগ জমা পড়েছে। যদিও পুলিশের দাবি, কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি। তদন্ত চলছে।



