জাহাঙ্গিরের বেআইনি বাড়ি ভেঙে গরিবের আবাসের ঘর বানানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সরকারি জায়গা দখল করে জাহাঙ্গির খানের বাড়ি তৈরি হয়েছে। সেটা ভেঙে ওখানে গরিবদের আবাস যোজনার ঘর করব। বৃহস্পতিবার হাওড়ার এক অনুষ্ঠানে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সরকারি জমিতে ১০ কোটি টাকার আলিশান অট্টালিকা বানানো হয়েছে। ওটা সরকারের জমি ছিল। সরকার তদন্ত করছে। ওই জমি স্থানীয় গরিব মানুষের আবাস যোজনার কাজে ব্যবহৃত হবে। 

Advertisement

এদিকে, বুধবারের পর বৃহস্পতিবারও ফলতার স্বঘোষিত পুষ্পার বহুতল ভাঙার কাজ চলেছে। রাস্তা সরু হওয়ায় সেখানে বুলডোজার ঢোকানো যায়নি। তাই বড়ো হাতুড়ি আর কংক্রিট ভাইব্রেটর দিয়েই ভাঙা হচ্ছে ওই তৃণমূল নেতার বাড়ি। এই কাজে সব মিলিয়ে ৪০ জন কর্মী নিযুক্ত করা হয়েছে। বুধবার তাঁদের সংখ্যা ছিল ২৪। বুলডোজার না থাকায় পাঁচ কাঠা জমির উপর গড়ে ওঠা এই বিশালাকার প্রসাদোপম বাড়ি ভাঙতে বেগ পেতে হচ্ছে কর্মীদের। সিসিটিভির নজরদারিতে চলছে গোটা কাজ। কোনো মানুষকে বাড়ির কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে পুলিশের বিশাল টিম। কর্মীদের থেকে পাওয়া খবর, জাহাঙ্গিরের বাড়ির ভিতর কোনো এলাহি বাংলোর চেয়ে কম নয়। সুসজ্জিত ঘরে দামি খাট, ওয়ারড্রব, ফলস সিলিং, রকমারি আলো কি নেই। মার্বেল, টাইলসে অন্দর সজ্জা করা হয়েছে। সব মিলিয়ে ২৫টির বেশি ঘর রয়েছে এই তিনতলা বাড়িতে। এদিন ছাদের কংক্রিট অংশ ভাঙা হয়ে গিয়েছে। বুলডোজার ছাড়া পুরো প্রাসাদকে গুঁড়িয়ে দিতে কমপক্ষে তিনসপ্তাহ লাগতে পারে বলে অনুমান প্রশাসনের। সূত্রের খবর, জাহাঙ্গিরের বাড়ির পাশাপাশি ফলতায় আরও ২৫-৩০টি তৃণমূলের পার্টি অফিসে বুলডোজার চলতে পারে বলে মনে করা হচ্ছে। বিধায়ক দেবাংশু পান্ডা বলেন, বিভিন্ন খাল, জলাশয় বুজিয়ে পার্টি অফিস করেছিল ও। সেগুলিও ভাঙা পড়বে। 
এদিকে, এই বাড়ি ভাঙার পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জাহাঙ্গির খান। শীঘ্রই শুনানির সম্ভাবনা রয়েছে মামলার।