নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত শহরের হাটখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেল একাধিক বস্তি বাড়ি। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে শুরু করেন বাসিন্দারা। বিশেষ করে বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারগুলি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয়ে ওঠেন তারা। প্রাণের ঝুঁকি নিয়েই একের পর এক গ্যাস সিলিন্ডার বাড়ি থেকে বের করে আনতে দেখা যায় স্থানীয়দের।
প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে আগুনের তীব্রতা দেখে একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কাও করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় বাসিন্দারাও। প্রায় ঘণ্টাখানেকের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, ততক্ষণে আগুনের গ্রাসে চলে গিয়েছে একাধিক বাড়ি। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল ঢুকতে কিছুটা সমস্যায় পড়ে।



