নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেলেন আরও ৭ লক্ষ উপভোক্তা। নবান্ন সভাঘরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে মোট ৪,২০১ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিন প্রতীকীভাবে ১৮০ জন উপভোক্তার হাতে চেক তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এর আগে প্রায় ১০ লক্ষ ২০ হাজার উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল। নতুন ৭ লক্ষ উপভোক্তাকে নিয়ে সব মিলিয়ে ১৭ লক্ষ ২০ হাজার মানুষের জন্য মোট ১০,৩২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এদিন শুভেন্দু অধিকারী জানান, আবাস যোজনার তালিকা যাচাই করতে গিয়ে ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার নাম পাওয়া গিয়েছে। পাশাপাশি ১২ হাজারেরও বেশি ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে টাকা পেয়েছেন। তাঁদের মধ্যে ১ হাজার জন টাকা ফেরত দিয়েছেন ইতিমধ্যেই। বাকি উপভোক্তাদের ডিসেম্বরের মধ্যে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। ভুয়ো নাম অন্তর্ভুক্তির ঘটনায় সরকারি আধিকারিকদের যোগ খতিয়ে দেখতে প্রয়োজনে এসআইটি গঠনের কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, আগামী দিনে যোগ্য উপভোক্তারা যাতে আবাস যোজনার সুবিধা পান তা নিশ্চিত করা হবে। পাশাপাশি ৫৪ লক্ষ ৫৮ হাজার বাড়ির নতুন সমীক্ষার কথাও তুলে ধরেন তিনি। গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান এবং বিদ্যুৎ ব্যবহারে ছাড়ের বিষয়েও একাধিক উদ্যোগের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।



