কলকাতা, ১৩ নভেম্বর: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে বলে জানাচ্ছে মৌসম ভবন। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াবে। তবে আবহাওয়ার বিভিন্ন মডেল জানাচ্ছে এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামীকাল শনিবার নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। রবিবারেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। অতি গভীর নিম্নচাপ হয়ে সোম থেকে মঙ্গলবার এর মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়ার বিভিন্ন মডেল। এই ঘূর্ণিঝড়েরও অর্ণব এবং মোরাসু এর মতই অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অভিমুখ হওয়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে আকভান। যে নাম দিয়েছে ইরান।
নিম্নচাপ তৈরি হলেও এখনই তার প্রভাব আমাদের রাজ্যে সেভাবে পড়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন। থাকবে পরিষ্কার আকাশ। বৃষ্টির পর্ব কাটতেই তাপমাত্রা আবার নামবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। উইক এন্ডে থাকছে মনোরম আবহাওয়ার পূর্বাভাস। জেলায় জেলায় হালকা শীতের আমেজ থাকবে সকাল ও রাতের দিকে। পাশাপাশি উত্তরবঙ্গেও থাকবে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।



