নয়াদিল্লি: স্যাম পিত্রোদাকে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস (আইওসি) প্রধানের দায়িত্ব থেকে সরানোর জন্য চাপ ক্রমশ বাড়ছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছিলেন পিত্রোদা। এরপর থেকে ঘরে বাইরে তাঁর সমালোচনা শুরু হয়। বুধবার পিত্রোদাকে সরানোর জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি লিখলেন আইওসি-র ভাইস চেয়ারম্যান দেবাংশু নারাং। কানাডার সমাজকর্মী দেবাংশু জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীকে প্রশংসা লজ্জাজনক। এই মন্তব্যের জেরে বহু কংগ্রেস কর্মী হতাশ।’
অন্যদিকে পিত্রোদার মন্তব্যের প্রতিবাদ করে আলাদা করে খাড়্গেকে চিঠি দিয়েছেন আইওসির অন্যতম ভাইস প্রেসিডেন্ট জর্জ আব্রাহাম। তাঁর সাফ কথা, এই ধরনের প্রশংসার ফলে বিদেশে দলের ধর্মনিরপেক্ষতা এবং সংখ্যালঘুদের জন্য লড়াই কঠিন হয়ে পড়েছে। ব্যক্তিগত অনুরাগের জেরে কারও প্রশংসার জেরে দলের মতাদর্শগত লড়াই অনেকের কাছে গৌণ হয়ে পড়ে।’



