সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল ইডি,  বহাল আজম খানের জামিন
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শীর্ষ আদালতে স্বস্তি সমাজবাদী পার্টির নেতা মহম্মদ আজম খানের। তাঁর অন্তর্বর্তী জামিনের বিরুদ্ধে  দায়ের ইডির মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে এই মামলায় শীর্ষ আদালতেও ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারপতি এম এম সুন্দ্রেশ ও বিচারপতি পি বি ভারালের বেঞ্চ জানিয়েছে, এলাহাবাদ হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ নিয়ে আমরা  হস্তক্ষেপ করব না। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, হাইকোর্ট শুধু মাত্র একটি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। তার জন্য আদালত প্রাথমিকভাবে যে মন্তব্য করেছে, চূড়ান্ত রায়ের সময় সেইগুলি গুরুত্ব নাও পেতে পারে। উল্লেখ্য, মৌলানা আলি জউহর ট্রাস্ট ও জাউহার বিশ্ববিদ্যালয় নির্মাণে বিপুল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। ওই বিশ্ববিদ্যালয়ে সম্মানিক চ্যান্সেলার পদে ছিলেন আজম। 

Advertisement

গত ১৭ নভেম্বর সমাজবাদী পার্টির নেতার জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট। আদালত জানিয়েছিল, একটি মামলায় মুক্তি পাওয়ার পর জেলের গেট থেকেই ফের অন্য মামলায় আজমকে গ্রেপ্তার করা হয়। যা কোনোভাবেই ইডির কাজকর্মের সঙ্গে খাপ খায় না। তাছাড়া, হেপাজতে নেওয়ার আগে  কী কারণে গ্রেপ্তারি সে বিষয়ে লিখিতভাবে সপা নেতাকে কিছুই জানানো হয়নি। পিএমএল আইনে যা নিয়ম বিরুদ্ধ। এদিন সুপ্রিম কোর্টের শুনানিতে ইডির তরফে অংশ নিয়েছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজু। তিনি জানান, আজমকে গ্রেপ্তারির কারণ জানানো হয়েছিল। কিন্তু, তিনি মানতে চাননি। সেই ভিডিয়ো রয়েছে। পঞ্চনামাও। আদালতের সামনে তথ্য ভুলভাবে তুলে ধরা হয়েছিল।কিন্তু সেই যুক্তিতে কর্ণপাত করেনি আদালত।