মোদির দাবিতে দু’মাসেই ২৫ কোটি হল ৫০ কোটি, দারিদ্রসীমার বাইরে! আগস্টের হিসাব দ্বিগুণ নভেম্বরে
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগস্ট মাসে দু’বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে বলেছিলেন, ১২ বছরে তাঁর সরকার দেশের ২৫ কোটি গরিব মানুষকে চরম দারিদ্রসীমার বাইরে নিয়ে এসেছে। যদিও এই দাবি নতুন নয়। ২০২৪ সাল থেকেই এমন দাবি করেছেন মোদি। তারপর অনেকবার একই প্রচার চালিয়েছেন প্রধনমন্ত্রী। কিন্তু বিস্ময়কর বিষয় হল, এখন তিনিই বলছেন, ‘১২ বছরে ৫০ কোটি দরিদ্রকে দারিদ্রসীমা থেকে বাইরে নিয়ে এসেছি।’ তাও বণিকসভা ফিকির সম্মেলনে। আগস্ট থেকে নভেম্বরের মধ্যে ২৫ কোটি কীভাবে ৫০ কোটি হয়ে গেল, সেই প্রশ্ন উঠছে। ২০ দিনে অবশ্য এই নিয়ে তিনবার মোদি বললেন ৫০ কোটির কথা। আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এই এক ধাক্কায় দারিদ্র দূরীকরণের সংখ্যা দ্বিগুণ হল কীভাবে? কারণ হিসাবে দেখানো হচ্ছে গত অক্টোবরে বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট। ইন্ডিয়া পভার্টি অ্যান্ড ইক্যুইটি ব্রিফ নামক সেই রিপোর্টে বলা হয়েছে, ভারতে ৫০ কোটি দারিদ্র দূরীকরণ হয়েছে। অথচ ৬ অক্টোবরই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাশ করে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানানো হয় যে, তিনি ২৫ কোটি দরিদ্রকে গরিবির জাল থেকে মুক্ত করেছেন। প্রশ্ন ওঠার কারণ, এর আগে ভারত সরকারের কোনো রিপোর্টেই ৫০ কোটির উল্লেখ নেই। যদি কেন্দ্রের থেকে পাওয়া রিপোর্ট উদ্ধৃত করেই বিশ্ব ব্যাংক ৫০ কোটির গরিবি মুক্তির হিসাব দেবে, তাহলে সেই রিপোর্ট কোথায়? ২০২৩ সালে খোদ নীতি আয়োগ জানিয়েছিল, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়সীমায় ২৫ কোটি মানুষকে দারিদ্রসীমার বাইরে আনা হয়েছে। পক্ষান্তরে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক নানাবিধ রিপোর্ট, এমনকি বিশ্ব ব্যাংকের রিপোর্টও ‘অস্বস্তিকর’ হওয়া মাত্র মোদি সরকার উড়িয়ে দিয়েছে। অথচ, এখন মোদি বিশ্ব ব্যাংকের রিপোর্টকেই সরকারি দাবিপত্র হিসাবে প্রচার করছেন। বৃহস্পতিবার তিনি বলেন, ‘দেশের জনসংখ্যা যখন ৫০ কোটি ছিল, তখনও তো দারিদ্র দূরীকরণ শুরু করা যেত। হয়নি কেন? ১৯৩০ সালে গান্ধীজি আত্মনির্ভরতার কথা বলেছিলেন। আমাকে প্রায় ১০০ বছর পরও কেন সেই এক কথা বলতে হচ্ছে? কারণ, পূর্বতন সরকারগুলি এই পথে হাঁটেনি। মেরি মত শুনো, পর গান্ধী কি তো মানো!’ 

Advertisement

যদিও তাঁর এই ‘আত্মনির্ভরতা’ প্রচার বারবারই মুখ থুবড়ে পড়েছে বলে দাবি বিরোধীদের। মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব—আক্রমণ আছড়ে পড়েছে প্রধানমন্ত্রীর উপরই। বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিলেন নরেন্দ্র মোদি। যদিও তার ধারকাছ দিয়েও যায়নি সরকার। আম জনতা যে ক্ষুব্ধ, সে খবর বিলক্ষণ সরকারের কাছেও আছে। বিরোধীদের কটাক্ষ, সেই ‘হতাশা’ই এদিন ফিকির সভায় প্রকাশ পেয়েছে। কারণ উদ্যোগপতিদের উদ্দেশ করে মোদি এদিন বলেছেন, ‘ভুখ ইতনি হ্যায়, পেট ভরতা হি নেহি! কর্পোরেট ট্যাক্সে ছাড় দিয়েছি, তাও কি আপনারা চাকরি দিয়েছেন? কর্মসংস্থান বাড়িয়েছেন? ব্যক্তিগত আয়করের সীমা বাড়িয়ে ১২ লক্ষ টাকা করেছি। তারপরও কি আপনারা বেতন বাড়িয়েছেন? না, আপনাদের কাছে সব সময় মোদিজি, আপনি করুন। আমরা শুধু দেখব।’
বিরোধীরা বলছে, পায়ের নীচের জমি আলগা হয়ে যাচ্ছে। তাই মরিয়া হয়ে দারিদ্র দূরীকরণের প্রচারে জোর দিয়েছেন মোদি। ১২ বছরে ৫০ কোটি মানুষ যদি দারিদ্র থেকে বেরিয়ে আসে, তাহলে এখনও কেন ৮০ কোটি গরিবকে বিনামূল্যে চালগম দেওয়ার প্রচার করছে মোদি সরকার? অমিত শাহ, যোগী আদিত্যনাথ, জে পি নাড্ডারা কয়েক মাস আগেও বলেছেন, ৮০ কোটি মানুষকে ভারত সরকার বিনামূল্যে রেশন দিচ্ছে। এই ৮০ কোটি সংখ্যা অনেক বছর ধরেই চলছে। ৫০ কোটি মানুষ যদি দারিদ্র থেকে বেরিয়ে আসে, তাহলে এখন কত মানুষ গরিব কল্যাণ যোজনার ফ্রি রেশন পাচ্ছে?