নয়াদিল্লি: নরেন্দ্র মোদি, অমিত শাহকে ফাঁসানোর চেষ্টা করেছিল কংগ্রেস। গুজরাত হিংসা নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী বীরাপ্পা মইলির মন্তব্যের পরিপ্রেক্ষিতে এভাবেই কংগ্রেসকে নিশানা করল বিজেপি। বুধবার মইলি দাবি করেন, গুজরাত হিংসায় মোদির বিরুদ্ধে তদন্ত আটকে দিয়েছিলেন তৎকালীন ইউপিএ সরকারের কয়েকজন কংগ্রেস নেতা। বর্তমান পরিস্থিতির জন্য ইউপিএ সরকারকে দায়ী করেন তিনি। সেই বক্তব্যকে হাতিয়ার করে বৃহস্পতিবার মাঠে নামে পদ্ম শিবির। বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদীর তোপ, ‘অমিত শাহ, নরেন্দ্র মোদিকে ফাঁসানোর চেষ্টা করেছিল কংগ্রেস। বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কংগ্রেসকে এর জবাব দিতেই হবে।’ এখানেই না থেমে তিনি বলেন, ‘মুখোশ খুলে গিয়েছে। দেশবাসীর সঙ্গে একটি গোপন তথ্য ভাগ করে নিয়েছেন মইলি। কংগ্রেস দাবি করে, তারা গণতন্ত্রের জন্য লড়াই করছে। কিন্তু তারা কীভাবে প্রশাসন চালাত, এই তথ্য সেটা স্পষ্ট করে দিয়েছে।’



