মাল্টা-০ : নেদারল্যান্ডস-৪
মাল্টা-০ : নেদারল্যান্ডস-৪
ভ্যালেত্তা: বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মাল্টাকে চার গোলের মালা পরাল নেদারল্যান্ডস। জোড়া গোলে ম্যাচের নয়িক কডি গাকপো। অপর দুই গোলদাতা তিজানি রেইন্ডার্স ও মেম্ফিস ডিপে। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে দাপুটে এই জয়ের পর গ্রুপ জি’র শীর্ষে অবস্থান করছে নেদারল্যান্ডস। ৫ ম্যাচে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস। তবে ২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে খেলে ডাচরা। বৃহস্পতিবারের এই জয়ের পর আগামী বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পথে এক পা বাড়িয়ে রাখল তারা। কোচ রোনাল্ড কোম্যানের কথায়, ‘পরের বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। তবে এদিন আরও বেশি ব্যবধানে জেতা উচিত ছিল।’ দিনের অপর ম্যাচে বেলারুশকে ৬-০ ব্যবধানে বশ মানায় ডেনমার্ক।
এদিকে, বিশ্বকাপ বাছাই পর্বে দুরন্ত ছন্দে রয়েছে পর্তুগাল। দুই ম্যাচের দু’টিতেই জিতে গ্রুপ এস’এর শীর্ষে অবস্থান করছে রবার্তো মার্তিনেজের দল (৬ পয়েন্ট)। আক্রমণভাগে প্রধান ভরসা রোনাল্ডোও দারুণ ছন্দে। পক্ষান্তরে, ২০০৬ সালের পর থেকে আর বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেনি আয়ারল্যান্ডও। এবারও বাছাই পর্বে গ্রুপ-এস’এর তলানিতে তারা। দুই ম্যাচে সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। তাই দুর্বল প্রতিপক্ষকে হারাতে অসুবিধা হওয়ার কথা নয় রোনাল্ডোদের। অন্যদিকে, গ্রুপ ই-এর ম্যাচে জর্জিয়ার মুখোমুখি হবে স্পেন। বাছাই পর্বে প্রথম দু’টি ম্যাচ জিতে গ্রুপে শীর্ষে রয়েছে লুইস ডে লা ফুয়েন্তের দল। তবে চোটের কারণে এই ম্যাচে লামিনে ইয়ামালকে পাচ্ছে না স্পেন। এছাড়া, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫ গোলের মালা পরাল ব্রাজিল। জোড়া লক্ষ্যভেদ এস্তেভাও এবং রডরিগোর। পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন ভিনিসিয়াস জুনিয়র।