Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

১০ ডাউনিং স্ট্রিটে পোঙ্গল উদযাপন

আখ, কলাপাতা, ফুলের অপূর্ব সাজ। প্রদীপের আলোয় উজ্জ্বল চারিদিক। পোঙ্গল উপলক্ষ্যে এভাবেই সেজে উঠেছিল ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন

১০ ডাউনিং স্ট্রিটে পোঙ্গল উদযাপন
  • ২২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: আখ, কলাপাতা, ফুলের অপূর্ব সাজ। প্রদীপের আলোয় উজ্জ্বল চারিদিক। পোঙ্গল উপলক্ষ্যে এভাবেই সেজে উঠেছিল ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন। পৌষ মাসের শেষদিনে কৃষিভিত্তিক এই উৎসবে মেতে ওঠে দক্ষিণ ভারতের তামিল সম্প্রদায়। বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের সেই ঐতিহ্যকে সম্মান জানাল ১০ ডাউনিং স্ট্রিট। ক্ষমতায় আসার পর এই নিয়ে দু’বার পোঙ্গল উদযাপন করল ব্রিটেনের লেবার প্রশাসন। অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে ছিলেন আবাসনমন্ত্রী স্টিভ রিড ও উমা কুমারণ। উমা ব্রিটিশ পার্লামেন্টের প্রথম তামিল এমপি। বিনোদন, শিক্ষা থেকে শুরু করে ব্যবসা। পোঙ্গল উৎসবে মেতে ওঠেন বিভিন্ন ক্ষেত্রের মানুষ। উপস্থিত ছিলেন তামিল জনপ্রতিনিধিরা। অতিথিদের জন্য সংগীত পরিবেশন করে চিন্তু সরভনের টিম অন্নম।

Advertisement

দীর্ঘদিন ধরে নিজের কেন্দ্র ক্রয়ডনে পোঙ্গল উদযাপন করছেন স্টিভ। অতিথিদের উদ্দেশে তিনি বলেন, ‘তামিল সংস্কৃতি অত্যন্ত প্রাচীণ। ব্রিটিশদের থেকেও পুরানো। তামিল না হয়েও এই উৎসবে শামিল হতে পেরে ভালো লাগছে। বৈচিত্র এই দেশের অন্যতম বৈশিষ্ট্য। এখানে সাংস্কৃতিক আদান প্রদানের সুযোগ মেলে। যা আমাদের জীবনকে সমৃদ্ধ করে। তাই প্রত্যেক সম্প্রদায়কে সম্মান করা আমাদের কর্তৃব্য।’ গত নভেম্বরে ঘূর্ণিঝড় দিতোয়ার তাণ্ডবে শ্রীলঙ্কার পাশাপাশি দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ হারান বহু মানুষ। এদিন তাঁদের বিদেহী আত্মার উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন ব্রিটিশ আবাসনমন্ত্রী। তিনি বলেন, ‘ব্রিটেনে যে এতজন তামিল চিকিৎসক রয়েছেন তা জানা ছিল না। ব্যবসা, শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তামিলরা। সকলকে পোঙ্গলের শুভেচ্ছা জানাই। আপনাদের জীবন সুখ, সমৃদ্ধিতে ভরে উঠুক।’

স্ট্র্যাটফর্ড অ্যান্ড বো-এর  লেবার এমপি উমা বলেন, ‘তামিলে একটা কথা রয়েছে- তাই পিরান্থাল ভালি পেরুকম। যা আগামী বছরের জন্য আশা, পরিবর্তনের ইচ্ছা সহ একাধিক জিনিসের প্রতীক। আজ সেই বিশ্বাসকে উদযাপন করছে লেবার সরকার। একথা মাথায় রেখেই নতুন বছরকে স্বাগত জানাতে চাই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ