সংবাদদাতা, রামপুরহাট: আজ, মঙ্গলবার রাতে রামপুরহাট ১ ব্লকের বনহাট অঞ্চলের এক শীর্ষ স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে পুলিশের আচমকা তল্লাশি অভিযান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিন রাত আটটা নাগাদ সিউড়ি থেকে পুলিশ বাহিনীর একটি বিশাল টিম এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বনহাট অঞ্চলের প্রভাবশালী তৃণমূল নেতা জহুরুল ইসলামের বসত বাড়ি ঘিরে এই অভিযান চালানো হয়। রাত আটটা নাগাদ হঠাৎই ছ’টি পুলিশ ভর্তি গাড়ি এসে জহুরুলের বাড়ির সামনে এসে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে পুরো বাড়িটি ঘিরে ফেলে তাঁরা। এরপর শুরু হয় জোরদার তল্লাশি অভিযান। তবে এই মুহূর্তে তৃণমূল নেতা বাড়িতে উপস্থিত ছিলেন না বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, জহুরুল ইসলামের পরিবার গত কিছুদিন ধরেই স্থানীয় রাজনীতির শিরোনামে রয়েছে। গত সেপ্টেম্বর মাসে তাঁর স্ত্রী আইজি খাতুন ব্যক্তিগত কারণ দর্শিয়ে বনহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দেন। তাঁরপর থেকেই স্থানীয় রাজনীতিতে নানা জল্পনা তৈরি হয়। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডল ও বিতর্কিত ডিসিআর সংক্রান্ত তদন্তের সূত্র ধরেই সিউড়ি পুলিশ লাইন্সের বিশেষ দল এই তল্লাশি চালায়। তাঁর পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি নানা নথিপত্র খতিয়ে দেখা হয়। হঠাৎ করেই রাতদুপুরে সিউড়ি পুলিশের এত বড় বাহিনী নিয়ে তল্লাশি চালানোয় বনহাট এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।



