পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে সংঘর্ষ ইসলামপুরে, পুলিশের লাঠিচার্জ
  • ৩ নভেম্বর, ২০২৬ ১৫:৩৪
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে এনসিপিআই এবং গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যদের সংঘর্ষে মঙ্গলবার উত্তেজনা ছড়াল ইসলামপুরে। বোর্ড গঠন করার জন্য সভাকক্ষে প্রবেশের সময় মোর্চার সদস্যদের বাধা দেয় বলে অভিযোগ উঠেছে এনসিপিআই সদস্যদের বিরুদ্ধে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে লাঠিচার্জ করতে হয়। 

Advertisement

রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস পরিচালিত ইসলামপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল সদস্যদের একাংশ সভাপতি ও সহ-সভাপতির বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন। পরে তৃণমূলের দুই গোষ্ঠী দুই দলে যোগ দেয়। গত ২৭ সেপ্টেম্বর সমিতির তৃণমূলের ২০ জন সদস্য গোর্খা জনমুক্তি মোর্চায় নাম লেখায়। এর কয়েকদিন পরে ১৬ জন সদস্য যোগদান করেন এনসিপিআই-তে।

সোমবার রাতে গোর্খা জনমুক্তি মোচার শিবিরের ৫ সদস্যকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে একটি পুরাতন মামলা ছিল। বোর্ড গঠনের আগের রাতে এই গ্রেপ্তারিতে স্থানীয় রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। মঙ্গলবার দুপুরে বোর্ড গঠনের বৈঠকে প্রবেশের সময় সদস্যদের মারামারি ও পুলিশের লাঠি চার্জে উত্তেজনা আরো কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।