১৫ মার্চের মধ্যে অসমাপ্ত পানীয় জল প্রকল্পের কাজ শেষের নির্দেশ জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রীর
  • ৩ নভেম্বর, ২০২৬ ১৩:৪৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আগামী ১৫ মার্চের মধ্যে অসমাপ্ত পানীয় জল প্রকল্পের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিলেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। মঙ্গলবার কোচবিহার সফরে এসে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন তিনি।

Advertisement

এদিন মন্ত্রী জানান, কোচবিহার জেলায় মোট লক্ষ ৯৫ হাজার বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৪ লক্ষ ৮৫ হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। বাকি বাড়িগুলিতে দ্রুত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করাই এখন মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী। এদিন কোচবিহার জেলা প্রশাসনিক কার্যালয় চত্বরের ল্যান্সডাউন হলে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পানীয় জল প্রকল্পের অগ্রগতি এবং বাকি কাজের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের মাঝেই জেলাশাসককে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকেও যোগ দেন মন্ত্রী। এদিকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিভিন্ন আইএএস আধিকারিক কোচবিহারে এসেছেন বলে জানান ভাস্কর ভট্টাচার্য। তাঁরা সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে কাজের অগ্রগতি এবং বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখছেন। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের আরও তৎপর হওয়ার বার্তাও দিয়েছেন মন্ত্রী।