বন্ধ ও অচল চা বাগানের শ্রমিকদের পাশে রাজ্য সরকার, ১৯ হাজার ৫২৪ জনকে এককালীন ৫ হাজার টাকা
  • ৩ নভেম্বর, ২০২৬ ১৩:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পুজোর মরসুমে উত্তরবঙ্গের বন্ধ ও অচল চা বাগানের শ্রমিকদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মঙ্গলবার মিনি সচিবালয় উত্তরকন্যা থেকে ১৯ হাজার ৫২৪ জন চা শ্রমিককে এককালীন ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়। এই খাতে রাজ্য সরকার বরাদ্দ করছে ৯ কোটি ৭৬ লক্ষ ২০ হাজার টাকা।

Advertisement

উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি চা শিল্প। তরাই, ডুয়ার্স ও পাহাড়জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য চা বাগান। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা। কিন্তু বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ও অচল রয়েছে বেশ কিছু বাগান। এরফলে  চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে শ্রমিক পরিবারগুলি। বিশেষ করে উৎসবের মরসুমে তাঁদের দুর্দশা আরও বেড়েছে।

শ্রমিকদের এই পরিস্থিতির কথা মাথায় রেখেই রাজ্য সরকার এই আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে। এর আগে বিভিন্ন সময়ে উত্তরবঙ্গে এসে চা শ্রমিকদের সমস্যা নিয়ে বৈঠক করেছিলেন  শ্রমমন্ত্রী অর্জুন সিং। সেই সময়েও তাঁদের পাশে থাকার এবং আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছিল। এবার উত্তরকন্যা থেকে সরাসরি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হল।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে,  পাহাড়, তরাই ও ডুয়ার্স সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বন্ধ ও অচল চা বাগানের ১৯ হাজার ৫২৪ জন শ্রমিক এই প্রকল্পের আওতায় রয়েছেন। তাঁদের প্রত্যেককে এককালীন ৫ হাজার টাকা করে দেওয়া হবে।

পাশাপাশি, পুজোর আগে শ্রমিক পরিবারগুলিকে ৫০ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের এক আধিকারিক জানান, উৎসবের মরসুমে বন্ধ ও অচল চা বাগানের শ্রমিক পরিবারগুলির মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।