নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চলতি মাসেই পরপর তিনবার উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে নিজেই এই সফরসূচির কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ১০ ও ১১ নভেম্বর কালিম্পং সফরে যেতে পারেন তিনি। এরপর ১৮ নভেম্বর বীরসা মুণ্ডার জন্মদিবস উপলক্ষ্যে আলিপুরদুয়ারে যাওয়ার কথা রয়েছে তাঁর। পাশাপাশি, আগামী ২৪ নভেম্বর কোচবিহারে রাসমেলার উদ্বোধন করতে আসবেন মুখ্যমন্ত্রী।
এই সফরকে সামনে রেখে সংশ্লিষ্ট জেলাগুলির পুলিশ, প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উত্তর-পূর্ব ভারতের অন্যতম বড় মেলা কোচবিহারের রাসমেলা। মুখ্যমন্ত্রী বলেন, মেলাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার পাশাপাশি রাজবংশী সম্প্রদায়ের কৃষি ও সংস্কৃতির ঐতিহ্যকে বিশেষভাবে তুলে ধরতে হবে। মেলার উদ্বোধনে হাজির হব। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই সফরকে ঘিরে সংশ্লিষ্ট জেলাগুলিতে প্রশাসনিক প্রস্তুতি শুরু করেছে বলে খবর।
উল্লেখ্য, আজ একটি বৈঠকে যোগ দিতে উত্তরবঙ্গে সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠককে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়মনমন্ত্রী নীশিত প্রামাণিক, শ্রমমন্ত্রী অর্জুন সিং, এমপি রাজু বিস্তা, জয়ন্ত রায় প্রমুখ ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী ১৯ হাজার ৫২৪ জন চা শ্রমিককে এককালীন ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন। এই খাতে রাজ্য সরকার বরাদ্দ করছে ৯ কোটি ৭৬ লক্ষ ২০ হাজার টাকা বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, দীপাবলির আগেই বন্ধ, অচল ও পরিত্যক্ত চা বাগানের শ্রমিকদের হাতে এককালীন ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি চা শ্রমিকদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মানোন্নয়নে ভিবি-জি রামজি প্রকল্পের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। বয়স্ক ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। এছাড়াও চালু করা হয়েছে প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা, যা আগে অসমে চালু ছিল, এবার বাংলাতেও শুরু হল। এই প্রকল্পের আওতায় চা শ্রমিকরা ৫০ কেজি করে চাল পাবেন।



