শতবর্ষে পা আদবানির, বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আজ, রবিবার বিজেপির প্রবীণ নেতা ও ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির জন্মদিন। ৯৯ পেরিয়ে শতবর্ষে পা দিচ্ছেন তিনি। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল পদ্মশিবির। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে ওই অনুষ্ঠান হবে। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সহ অন্য শীর্ষ নেতারা। আদবানি-কন্যা প্রতিভাও সেখানে থাকবেন। 

Advertisement

বিজেপি সূত্রে খবর, প্রবীণ নেতার মঙ্গল কামনায় সকাল দশটায় বিশেষ পুজো ও যজ্ঞ হবে। এরপরে আদবানির জীবন ও তাঁর বক্তৃতা নিয়ে একটি ২০ মিনিটের ভিডিয়ো দেখানো হবে। এরপর আদবানির অবদান নিয়ে বক্তৃতা দেবেন বিজেপি নেতারা। লালকৃষ্ণ আদবানির শতবর্ষে পদার্পণ উপলক্ষ্যে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে শূন্য থেকে সবকিছু গড়ে তোলার বৈশিষ্ট্য আদবানির সারা জীবনের সঙ্গী। উনি যখন বিজেপি সভাপতি ছিলেন, ১৯৮৯ সালে কংগ্রেসের আসন সংখ্যা দুশোর নীচে নেমে আসে এবং ১৯৯৬ সালে বিজেপি প্রথমবারের মতো একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে আদবানিজি দলের অসংখ্য কার্যকর্তাকে গড়ে তুলেছেন। ‘দেশ অগ্রাধিকার’—নীতি অনুসরণ করে দলকে শক্তিশালী  ভিত্তির উপর স্থাপন করেছেন।