নাগরিক অধিকারের পরিস্থিতি লজ্জাজনক, ভর্ৎসনা হাইকোর্টের
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: ফের আদালতের প্রশ্নের মুখে উত্তরপ্রদেশ প্রশাসন। বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ ও থানায় সিসি ক্যামেরার ফুটেজ না থাকা নিয়ে উত্তরপ্রদেশ পুলিশকে তীব্র ভর্ৎসনা এলাহাবাদ হাইকোর্টের। বিচারপতি অতুল শ্রীধরণ ও বিচারপতি আঁচল সচদেবের বেঞ্চের মন্তব্য, ‘রাজ্যের নাগরিক অধিকারের পরিস্থিতি অত্যন্ত লজ্জাজনক।’ আফজাল আহমেদ নামের এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, গত ৫ সেপ্টেম্বর তাঁকে আটক করেছিল বিজনৌর পুলিশ। ৭ সেপ্টেম্বর তাঁর গ্রেপ্তারি দেখানো হয়। সেই মামলায় ৩ নভেম্বর অভিযুক্তকে মুক্তি দেয় আদালত। পাশাপাশি রাজ্য সরকারের ২০ হাজার টাকা জরিমানাও ধার্য করে আদালত। ৭ দিনের মধ্যে আফজালকে ওই টাকা দিতে বলা হয় যোগী আদিত্যনাথের সরকারকে। আফজালের পরিবার অভিযোগ করেছিল, পুলিশি তলবে হাজিরা দেওয়ার আগে থানার বাইরে থেকেই জোর করে আফজালকে গ্রেপ্তার করেন এসএইচও সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সেই ঘটনায় ৫ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ৭ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত থানার সিসি ক্যামেরার ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল,  ওই সময়কার ফুটেজ নেই। তার কারণ হিসাবে ঝড়বৃষ্টিতে সিসি ক্যামেরার ল্যানে জল ঢুকে যাওয়ার অজুহাত দেওয়া হয়েছিল। এরপরেই আদালত বলে, ‘সিসি ক্যামেরার ফুটেজ পেশ করতে বলা হলে বেশিরভাগ সময়ই একই ধরনের কারণ দেখানো হচ্ছে।’ আদালত বলেছে, এসএইচও ইচ্ছেকৃতভাবে আদালতে সিসি ক্যামেরার ফুটেজ জমা দেননি। বিষয়টি যেন তাঁর সার্ভিসবুকে নথিবদ্ধ থাকে।

Advertisement