নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর মেরো না। সহ্য করতে পারছি না। এবার তো রক্ষা করো। প্লিজ, আর আক্রমণ কোরো না। পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস পরাজয় স্বীকার করে ফোনে ভারতের সামরিক বাহিনীর কর্তার কাছে এভাবেই দয়া ভিক্ষা করেছিলেন। দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মঙ্গলবার লোসকভায় মোদি বলেন, দুনিয়ার কোনও দেশ ভারতকে নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য করেনি। ভারতকে কেউ প্রভাবিত করতে পারেনি। মোদির আরও দাবি, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ৯ মে মধ্যরাতে আমাকে ফোন করার চেষ্টা করছিলেন। আমি সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে ছিলাম। তাই কথা বলতে পারিনি। তারপর নিজেই তাঁকে ফোন করে প্রশ্ন করি, আপনি আমার সঙ্গে কথা বলতে চাইছিলেন, কী ব্যাপার? ভাইস প্রেসিডেন্ট আমাকে বলেন, পাকিস্তান ভয়ঙ্কর আক্রমণ করতে চলেছে। আমি স্পষ্ট ভাবে তাঁকে জানাই, পাকিস্তান যদি এই ভুল করে, তাহলে কিন্তু ভয়াবহ পরিণতির জন্য যেন প্রস্তুত থাকে।
ডোনাল্ড ট্রাম্প বারংবার দাবি করেছেন, তিনি ভারত ও পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিয়েছেন। ভারত কেন নীরব? এই অভিযোগ ছিল বিরোধীদের। লোকসভায় মোদি ভাষণ দিতে উঠে এই বহু চর্চিত বিতর্ক নিয়ে মুখ খোলেন। বলেন, ভারত নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে। যদিও মোদি এদিনও ট্রাম্পের নামোচ্চারণ করলেন না। বিরোধীদের ওই অভিযোগ ও প্রশ্নাবলিকে প্রোপাগান্ডা আখ্যা দিয়ে বলেন, বিরোধীরা পাকিস্তানের সুরে কথা বলছে।
মোদির দাবি, পাকিস্তান এখনও অপারেশন সিন্দুরের কারণে আইসিইউতে শায়িত। গোটা বিশ্ব জেনে গিয়েছে যে, ভারতের উপর আক্রমণ হলে ভারত নীরব থাকবে না। পরমাণু অস্ত্রের হুমকিতে ভারত নত হবে না। ২২ এপ্রিলে পহেলগাঁওয়ে যে সন্ত্রাস হয়েছিল সেটি ছিল ভারতে দাঙ্গা ছড়ানোর লক্ষ্য। দেশবাসী সেই চক্রান্তকে রুখে দিয়েছে। আমি প্রকাশ্যে বলেছিলাম যে, সন্ত্রাসবাদীদের এমন শাস্তি দেওয়া হবে যে, তারা কল্পনাই করতে পারছে না। আমাদের সেনা ঠিক সেটাই করে দেখিয়েছে। ৬ মে ২২ মিনিটে ২২ এপ্রিলের বদলা নিয়েছে ভারতীয় সেনা।
পাকিস্তান নীতিতে তাঁর সরকার বনাম কংগ্রেস সরকারের পার্থক্য যে কতটা তার বিস্তারিত বিবরণ দেন মোদি। মুম্বই হামলার পর কংগ্রেস সরকার কিছুই করেনি বলে তাঁর অভিযোগ। একের পর এক উদাহরণ সহযোগে যথারীতি এদিন নেহরু নীতিকে কাঠগড়ায় দাঁড় করান মোদি। মোদি জানতেন যে, অপারেশন সিন্দুর আলোচনায় সবথেকে বেশি যে আক্রমণের মুখে তাঁকে পড়তে হবে, সেটি হল, পহেলগাঁওয়ের জঙ্গিদের ধরা গেল না কেন? কোথায় গেল তারা? মোদির সংসদীয় বক্তৃতার ঠিক ২৪ ঘণ্টা আগেই বাহিনীর অপারেশনে কাশ্মীরে ওই তিন জঙ্গি খতম হয়েছে। প্রধানমন্ত্রী বিরোধীদের আক্রমণ ভোঁতা করতে এদিন জানিয়ে দিলেন, পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদীদের গতকাল আমাদের নিরাপত্তারক্ষীরা অপারেশন মহাদেব করে দিয়েছে! অর্থাৎ পহেলগাঁও অধ্যায়ের পরিসমাপ্তি?