নয়াদিল্লি: কোথাও প্রতিবাদীদের সঙ্গে পুলিশ কর্মীদের বাগবিতণ্ডা। কোথাও আবার আন্দোলনকারীদের ধরে ধরে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। রাজধানী দিল্লির বুকে সম্প্রতি ছাত্র ও যুবসমাজের আন্দোলনের নানা খণ্ডচিত্র নিজের ক্যামেরায় বন্দি করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরার ছেলে রেহান। বুধবার সন্ধ্যা সাতটায় দিল্লির বিকানির হাউসে রেহান ওয়াধেরার সেইসব আলোকচিত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে প্রদর্শনী শুরুর কিছুক্ষণ আগেই অন্তত ৭৪টি ছবি সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় গ্যালারি কর্তৃপক্ষ। গ্যালারির দেওয়ালে মাত্র ৩৫টি ছবি নিয়ে শুরু হয় প্রদর্শনী। এই ঘটনায় ইতিমধ্যেই শিল্পী মহল থেকে রাজনীতিবিদদের একাংশ সমালোচনায় মুখর হয়েছেন।
বুধবার বিকানির হাউসই ছিল রেহানের প্রথম চিত্র প্রদর্শনীর মঞ্চ। কিন্তু সূচনালগ্নেই যেভাবে তাঁর মনোবলে আঘাত দেওয়া হল, তাতে ক্ষুব্ধ মা প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়ায় সোনিয়া কন্যা লেখেন, ‘যখন ক্ষমতাসীন কেউ কারও মত প্রকাশে ভয় পেয়ে যায়, তখন বুঝতে হবে যাকে আটকানোর চেষ্টা চলছে, সে তাদের থেকেও অনেক শক্তিশালী।’ এরপর তিনি ছেলের সমর্থনে বলেন, ‘যা সত্যি, তুমি তার পক্ষে দাঁড়িয়েছ। আর সত্যি তার নিজের রাস্তা ঠিক খুঁজে নেয়। আমি তোমার জন্য গর্বিত। আর সবসময় তোমার পাশেই থাকব।’
সোনিয়ার নাতির ছবি বাদ দেওয়ার প্রসঙ্গে বিকানির হাউস ম্যানেজমেন্ট সোসাইটির তরফে বৃহস্পতিবার জানানো হয়, রেহানের ‘নো আইডিয়া ইস ফাইনাল’ শীর্ষক প্রদর্শনীর অনেক ছবি আমাদের নিয়মাবলির বিরুদ্ধে ছিল। সেই কারণেই সেগুলি সরিয়ে দেওয়া হয়েছে। যদিও রেহানের দাবি, অন্তত এক সপ্তাহ আগে থেকে ওই প্রদর্শনীর ব্যাপারে বিকানির হাউস কর্তৃপক্ষ জানত। তাহলে সূচনার মাত্র ঘণ্টা খানেক আগে ছবি সরানোর কথা বলার অর্থ কী? এতদিন কেন ওই ছবিগুলি নিয়ে প্রশ্ন তোলা হয়নি। শেষ মুহূর্তে এই পদক্ষেপ কেন? রেহান এও জানান, ছবিগুলি কেন সরিয়ে দেওয়া হল, তার কারণ লিখিতভাবে জানতে চাওয়া হলেও বিকানির হাউস কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি।



