নয়াদিল্লি: শান্তি বজায় রাখার আশ্বাস দিয়ে বিশেষ এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে মুচলেকা দিতে হবে আইসা নেত্রী নেহা বোরাকে। এই নিয়ে নির্দেশিকা জারি করেছিল দিল্লি পুলিশ। নোটিস জারির সময় অনুমতি ছাড়া পতাকার উত্তোলনের প্রসঙ্গ উত্থাপন করা হয়। সেটিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নেহা। বৃহস্পতিবার মামলার শুনানিতে তাঁর হয়ে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোকেট শঙ্করানারায়ণ। দিল্লি পুলিশের নোটিসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলেন, নোটিসের বিষয়বস্তু কী? জাতীয় পতাকা তোলার জন্য আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। আইন নিয়ে পুলিশের বরং ক্লাস করা উচিত।
বৃহস্পতিবার আইসা নেত্রীর আবেদনেরও কড়া বিরোধিতা করে দিল্লি পুলিশ। এদিন প্রায় তিন ঘণ্টা ধরে চলে শুনানি। দু’পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ। শুক্রবার সন্ধ্যা ৬টায় তিনি রায়দান করবেন।



