নয়াদিল্লি: জ্ঞানেশ কুমার ইস্যুতে মোদি সরকারকে চাপে রাখতে মরিয়া বিরোধী দলগুলি। এর নেতৃত্বে রয়েছে কংগ্রেস। এই আবহে হাত শিবির ও রাহুল গান্ধীকে একযোগে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে রাহুলের দিকে ইঙ্গিত করে তাঁকে ‘কংগ্রেসের ব্যর্থ মুখ’ তকমা দেন তিনি। দেশে অশান্তি করার জন্যও বিরোধী দলকে কাঠগড়ায় দাঁড় করান মোদি। বলেন, ‘যেখানে গোটা পৃথিবী এক নতুন দিশা খুঁজছে, সেখানে এদেশে এমন কিছু মানুষ আছেন, যাঁরা বিশৃঙ্খলার স্বপ্ন দেখছেন।’ এরপর সরাসরি কংগ্রেসকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘আমি জানি না, তাদের ব্যর্থ মুখকে তুলে ধরার জন্য আর কতবার দেশকে ঝুঁকির মুখে ফেলবে কংগ্রেস। একটা বছরে শ্রীহরিকোটা থেকে এত লঞ্চিং হয়নি, যতবার কংগ্রেস এই ধরনের ব্যর্থ চেষ্টা করেছে। ওরা যা খুশি করতে পারে। কিন্তু একটি পরিবারকে ব্যর্থতার কলঙ্ক থেকে বাঁচাতে কংগ্রেস এখন ভারতের উন্নয়নকে ঝুঁকির মুখে ফেলছে।’ প্রধানমন্ত্রীর কটাক্ষ, বিশ্বের সামনে ভারতের বলিষ্ঠ ভাবমূর্তি তুলে ধরা উচিত। কিন্তু দেশের সুনাম নষ্ট করাই এখন কিছু লোকের উদ্দেশ্য হয়ে উঠেছে।



