‘প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর দুষ্টু জুটি...’, মহিলা সংরক্ষণ বিল ও বিশেষ অধিবেশন নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ জয়রাম রমেশের
  • ২৭ নভেম্বর, ২০২৬ ১১:৫৯
Prefer us on Google

নয়াদিল্লি, ২৭ নভেম্বর: ‘প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর দুষ্টু জুটি ফের মিথ্যে বলছেন’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের সরাসরি অভিযোগ, সাধারণ মানুষকে মিথ্যে বলা হচ্ছে ও বিভ্রান্ত করা হচ্ছে। শুক্রবার এক্সে পোস্ট করে জয়রাম দাবি করেন, ‘মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ সংরক্ষণের লক্ষ্যে ২০২৩ সালের সেপ্টেম্বরে সংসদে সর্বসম্মতিক্রমে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ পাশ হয়েছিল। কংগ্রেস সভাপতি অবিলম্বে তা কার্যকর করার দাবিও জানিয়েছিলেন, কিন্তু সেই দাবি খারিজ করে দেওয়া হয়।’

Advertisement

কংগ্রেসের জেনারেল সেক্রেটারির আরও দাবি, ‘এটি ইতিমধ্যেই আইনে পরিণত হয়েছে, যা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর দুষ্টু জুটি তিন বছরেরও বেশি সময় ধরে হিমঘরে পাঠিয়ে রেখেছে।’

জয়রামের অভিযোগ, ‘সংসদে বিশেষ অধিবেশন মহিলা সংরক্ষণের জন্য নয়; বরং এটি একজন ‘উদ্বিগ্ন ও বিচলিত’ প্রধানমন্ত্রীর মরিয়া পদক্ষেপ, যিনি বর্তমানে কোণঠাসা অবস্থায় রয়েছেন।’ তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে ‘দুষ্টু জুটি’ বলেও উল্লেখ করেছেন।

এছাড়াও এক্সে জয়রাম লেখেন, ‘এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে ডিলিমিটেশনের জন্য। তবে এই নির্বাচনী কেন্দ্রগুলির ভৌগোলিক সীমানা নির্ধারণের দায়িত্বে কে থাকবেন? থাকবেন একজন মুখোশ খুলে যাওয়া মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার, যিনি নির্বাচন প্রক্রিয়াকে একেবারে প্রহসনে পরিণত করেছেন এবং ভোট-উৎসবের পবিত্রতাকে ধ্বংস করেছেন। এর চেয়ে চরম নিন্দনীয় আর কিছু হতে পারে না।’