Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেল থেকে বন্দিমুক্তির খবর জানেই না পেট্রাপোল থানা, ক্ষোভ বিচারকের

জেল থেকে বন্দিমুক্তির খবর জানেই না পেট্রাপোল থানা, ক্ষোভ বিচারকের
  • ৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’ বছর আগে এক ফৌজদারি মামলায় জামিন পেয়ে দমদম জেল থেকে বেরিয়ে গিয়েছিল মোতালেব নামে এক বিচারাধীন বন্দি। কিন্তু সেই বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিল পেট্রাপোল থানা। তারই মধ্যে ওই ‘বন্দি’র বিষয়ে একটি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা নিয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয় পেট্রাপোল থানার পুলিস। এনিয়ে বনগাঁর দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্রদীপকুমার অধিকারীর এজলাসে আর্জি জানায় পুলিস। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। আদালত প্রশ্ন তোলে, ‘যে বন্দি জেলেই নেই, তা নিয়ে এই আর্জি জানানোর যৌক্তিকতা কোথায়? পুলিস কি কোনও খোঁজখবরই রাখে না।’ আদালতের কড়া তোপের মুখে পড়ে কার্যত হকচকিয়ে যায় পেট্রাপোল থানার পুলিস। কোর্টের প্রশ্নের মুখে পড়ে কোনও সদুত্তর দিতে পারেননি তদন্তকারী পুলিস অফিসার। আদালতে উপস্থিত সরকারি কৌঁসুলি বলেন, কোথাও হয়তো একটা ভুল হয়ে গিয়েছে। এরপরই ক্ষুব্ধ বিচারক সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুলিস সুপারকে প্রয়োজনীয় নির্দেশ দেন। আদালত সূত্রের খবর, এই বিষয়ে মামলার পরবর্তী শুনানির দিন আদালতে রিপোর্ট পেশ করার কথাও বলেন বিচারক।     

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, বনগাঁ থানা এলাকায় চোরাই মাল হেফাজতে রাখার অভিযোগ সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত হিসেবে নাম ছিল মোতালেব নামে এক ব্যক্তির। সেই মামলায় সে দমদম জেল থেকে জামিন পেলেও একটি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে গিয়েই বিষয়টি প্রকাশ্যে আসে আদালতের। দমদম জেলের তরফে আদালতে জানানো হয়, বন্দি জেল থেকে জামিন পেয়ে গিয়েছে। তখনই কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে পেট্রাপোল থানার পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ