Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘পিক টাইম’ অতিক্রান্ত, জানুয়ারির শেষে ফিরতে পারে শীত, আশায় হাওয়া অফিস

পৌষ সংক্রান্তি সবে পেরিয়েছে। কয়েকদিন পর, অর্থাৎ মাঘ মাসের গোড়াতেই রাজ্যে শীতের মাত্রা কিছুটা কমবে।

‘পিক টাইম’ অতিক্রান্ত, জানুয়ারির শেষে ফিরতে পারে শীত, আশায় হাওয়া অফিস
  • ১৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পৌষ সংক্রান্তি সবে পেরিয়েছে। কয়েকদিন পর, অর্থাৎ মাঘ মাসের গোড়াতেই রাজ্যে শীতের মাত্রা কিছুটা কমবে। তবে শীত এখনই বিদায়ের পথে, এমনটা অবশ্য বলছেন না আবহাওয়বিদরা। কথায় আছে ‘মাঘের শীত বাঘের গায়’! আগামী দু-তিনদিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। তারপর সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ দিন ডিগ্রি বাড়বে। তবে শীতের আমেজও থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ জানুয়ারি ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোতে পারে। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি। এটা এইসময়ে প্রায় স্বাভাবিক। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কোনো কোনো জায়গায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির কম বা তার আশপাশে। দক্ষিণবঙ্গে শীতলতম জায়গা ছিল শ্রীনিকেতন (৮.৮ ডিগ্রি)। উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে শীতলতম ছিল পুন্ডিবাড়ি (৯.৪ ডিগ্রি)। দার্জিলিংয়ে ছিল কনকনে শীত (৩ ডিগ্রি)। মধ্যবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১০-১২ ডিগ্রির মধ্যে রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১২-১৩ ডিগ্রির আশপাশে চলে আসবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement


আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝমাঝি পর্যন্তই শীতের ‘পিক টাইম’। সেই পিক টাইম শেষ হতে চলেছে। তবে জানুয়ারির শেষদিকেও রাজ্যে তীব্র শীত পড়ার একাধিক নজির আছে। ২০২২ সালের ৩০ জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, উত্তুরে হাওয়া সক্রিয় হলে আবার জোরালো শীত পড়তে পারে। পশ্চিম হিমালয় ও লাগোয়া এলাকা থেকে কোনও শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা চলে গেলে ফের কনকনে শীত বয়ে আনে উত্তুরে হাওয়া। এখন একটি ঝঞ্ঝা আছে। ঝঞ্ঝা আরও একটি আসবে ১৯ তারিখ নাগাদ। পশ্চিমি ঝঞ্ঝার আসা-যাওয়া ফেব্রুয়ারি মাসে চলতে থাকে। তবে সূর্যের অবস্থানগত পরিবর্তনের জন্য রাজ্যে তখন রোদের তীব্রতা বাড়তে শুরু করে। এর প্রভাব পড়ে শীতের উপর।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ