নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ব্যাঙ্কিং পরিষেবায় ভাষাগত সুবিধা দিতে নয়া প্রযুক্তি আনল পতঞ্জলি। এআই নির্ভর সেই প্রযুক্তি এনেছে পতিঞ্জলি গ্রুপের আওতাভুক্ত প্রযুক্তিভিত্তিক সংস্থা ভারুয়া সলিউশনস প্রাইভেট লিমিটেড। তারা দাবি করেছে, রিজিওনাল ব্যাঙ্ক, কো-অপারেটিভ বা স্মল ফিনান্স ইনস্টিটিউশনের মতো প্রতিষ্ঠানগুলিতে ডিজিটাল ব্যাঙ্কিংয়ে সুবিধা করে দেবে এই প্রযুক্তি।
এই কোর ব্যাঙ্কিং ব্যবস্থায় চারটি সুবিধা মিলবে বলে দাবি করেছে তারা। প্রথমত, ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থার মূল ভাষা ইংরেজিতে হওয়ার কারণে অনেকেরই অসুবিধা হয়। এক্ষেত্রে ইংরেজির পাশাপাশি আঞ্চলিক ভাষার সুবিধা পাবেন গ্রাহক। দ্বিতীয়ত, এআই ব্যবহার করে জোরালো সাইবার নিরাপত্তার ব্যবহার করা হয়েছে ওই প্রযুক্তিতে। তাই তা গ্রাহকের কাছে যথেষ্ট নিরাপদ। তৃতীয়ত, প্রসেসিং ব্যবস্থা দ্রুত হওয়ায়, তার সুবিধা পাবেন গ্রাহক। চতুর্থত, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট এবং সুপ্রিম কোর্টের রায়গুলিকে মান্যতা দিয়ে এই প্রযুক্তি তৈরি হওয়ায়, তা নির্ভরযোগ্য। পতঞ্জলি গ্রুপের প্রতিষ্ঠাতা তথা এমডি আচার্য বালকৃষ্ণজি বলেন, গ্রাহক টানতে প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই ভারতের সামগ্রিক আর্থিক বিকাশে সহায়ক হবে আমাদের ওই প্রযুক্তি।