নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডানকুনিতে গুরু নানকের নামে ভবন তৈরির কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি গুরুদ্বারায় গিয়ে সেকথাই জানালেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘এই ক্যাম্পাসের মধ্যেই কমিউনিটি হলের প্রস্তাব আগে ছিল। গত বছর (২০২৫ সাল) প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম না। এখন আমি সরকারিভাবে সাহায্য করব।’ এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় যদি হজ ভবন তৈরি হতে পারে, তাহলে কেন গুরু নানকের নামে ভবন তৈরি হবে না?’
শিখ ধর্মাবলম্বীরা নিজের ‘আত্মীয়’ হিসেবে দেখেন মুখ্যমন্ত্রীকে, এমনটাও এদিন জানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আমি যখন পরিবহনমন্ত্রী ছিলাম, সেই সময় থেকে আমার সঙ্গে সম্পর্ক। ১০ থেকে ১২ বছরের একটা সম্পর্ক, তাই আমাকে আত্মীয় বলেই মনে করেন। আজকে কত ভালো একটা দিন। সব মিলিয়ে, আমরা সকলে একত্রিত হয়ে গুরুদেবের স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ করছি।’
এছাড়াও যদি গুরুদ্বারার পরিকাঠামো উন্নয়নে সাহায্যের প্রয়োজন হয়, তাতেই তিনি সাহায্য করবেন বলেই জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘সামনেই গঙ্গাসাগর মেলা। ৯ থেকে ১৭ জানুয়ারি চলবে। আসানসোল থেকে শুরু করে নামখানা পর্যন্ত বহু ক্যাম্প করা হবে। ডানকুনিতেও ২টি ক্যাম্প থাকবে। সেখানেও সেবা দেওয়ার অনুরোধ জানাব।’ এরপর শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি আপনাদের আত্মীয় বলেই মনে করি। যখন কোনো গুরুদ্বারায় ঢোকার অনুমতি ছিল না, তখন ডানকুনির এই গুরুদ্বারায় আসতাম।’



