লেন ভাঙলেই জরিমানা, বাসচালকদের হুঁশিয়ারি লালবাজারের
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘যাত্রী তোলার টক্করে কোনো রেষারেষি করা যাবে না। শহরের রাস্তা কোনো ফুটবল গ্রাউন্ড নয়। রক্ষণাত্মকভাবে শহরের রাস্তায় বাস চালাতে হবে।’ পরপর কয়েকটি বাস দুর্ঘটনায় প্রাণহানির পর এই ভাষাতেই চালক ও কনডাকটরদের সতর্ক করলেন লালবাজারের ট্রাফিক বিভাগের কর্তারা। টালার ট্রাফিক ট্রেনিং স্কুলে শহরের বাসচালক ও কনডাকটরদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন ২১জন বাসচালক ও ২৪জন কনডাকটর। রক্ষণাত্মকভাবে গাড়ি চালানোর কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয় তাঁদের। পুলিশের সমীক্ষায় দেখা গিয়েছে, একই রুটের বাস হলে অফিসটাইমে সামনের স্টপেজের যাত্রী তুলতে কে আগে পৌঁছাবে, তা নিয়ে রেষারেষি চলে। তার জন্য বিপজ্জনকভাবে বাস চালাতে শুরু করেন তাঁরা। এতেই ঘটে বিপদ। তাই রেষারেষি নিয়ে কড়া বার্তা দিয়েছেন পুলিশ আধিকারিকরা। শুধু তাই নয়, শহরের বহু রাস্তায় বাস লেন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। চিহ্নিত লেন লঙ্ঘন করলেই জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের সমীক্ষা থেকে আরও জানা গিয়েছে, যেসব প্রাণঘাতী দুর্ঘটনায় বাসই দায়ী, তার প্রায় ৭৩ শতাংশে ক্ষেত্রে ‘ব্লাইন্ড স্পট’-এর গেরোয় দুর্ঘটনা ঘটেছে। বিষয়টিতে নজর দেওয়ার জন্য বাড়তি আয়না লাগানোর পরামর্শ দিয়েছে পুলিশ। এদিনের কর্মসূচিতে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি বাস দুর্ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হয় চালক ও কনডাকটরদের। চলতি বছরের প্রাণঘাতী বাস দুর্ঘটনাগুলির তথ্য দিয়ে বিষয়টির গুরুত্ব বোঝানো হয়। তাঁদের হাতেই যে পথ নিরাপত্তার অনেকটা দায় বর্তায়, বক্তব্যে তা তুলে ধরেন ট্রাফিক ইনস্পেক্টররা। কীভাবে দুর্ঘটনা এড়ানো সম্ভব, সে সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়। এছাড়াও রক্ষণাত্মক উপায় বাসে চালানোর ধারণা দেওয়া হয় হাতেকলমে। শ্যামবাজার মোড়ে নিয়ে যাওয়া হয় চালক ও কনডাকটরদের। যাত্রীদের বাসে ওঠা ও নামার জন্য ন্যূনতম কত সময় দেওয়া উচিত, তা বুঝিয়ে দেন উর্দিধারীরা।

Advertisement