নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেডিকেল কলেজের সুপার ও উপাধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে কিছুদিন আগেই গণ্ডগোলের সময় চরম হেনস্তা করেছিলেন কয়েকজন অতিবামপন্থী জুনিয়র ডাক্তার। এই অভিযোগে সম্প্রতি সরব হন রাষ্ট্রবাদী চিকিৎসকরা। সোমবার বউবাজার থানার পুলিশ ঘটনায় জড়িত তিনজন জুনিয়র ডাক্তারকে থানায় হাজির হওয়ার নোটিস পাঠাল। এদিন কর্তৃপক্ষের কাছে এই নোটিস পৌঁছায়। তারপর মেডিকেল কলেজের ডিন তিন ছাত্রকে ডেকে তাঁদের হাতে তা তুলে দেন। পুলিশ সূত্রের খবর, আগামী ২-৩ দিনের মধ্যে থানায় ওই তিনজনকে হাজির হতে হবে। সেকথাই জানানো হয়েছে নোটিসে।
এদিকে মেডিকেলে তুলকালামের দিন এন আর এস থেকে সেখানকার রাষ্ট্রবাদী চিকিৎসক সংগঠন এনএমও’র এক পদাধিকারী অশান্তি ও ভাঙচুর করতে এসেছিলেন। এমন পাল্টা অভিযোগ উঠেছে। মেডিকেল ছাত্রছাত্রীরা তাঁদের মতাদর্শ না মানলেই অতিবামপন্থী-বামপন্থীরা তাঁদের বয়কট করছে, এমন অভিযোগ করেছিলেন রাষ্ট্রবাদীরা। এদিন এনিয়েও পাল্টা প্রচার হয়েছে। দাবি করা হয়েছে, যে দুই ছাত্রকে ব্যাচের গ্রুপ থেকে বের করা হয়েছে, তাঁরা ছাত্রীদের যৌন হেনস্তা করেন। সহপাঠীদের অসম্মান করেন। যদিও এ বিষয়ে এনএমও’র রাজ্য উপদেষ্টামণ্ডলীর সদস্য ডাঃ অমিত বেরা বলেন, ভিত্তিহীন কথাবার্তা। কী আর বলব মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ প্রসঙ্গে।



