ক্রেডিট কার্ড ব্যবহার করে ৩ লক্ষ টাকার সোনা কিনেছে প্রতারকরা! থানার দ্বারস্থ বাগুইআটির যুবক
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ক্রেডিট কার্ড নিজেরই কাছে। কোথাও কোনো কেনাকাটা করেননি তিনি। অথচ তাঁর অজান্তে ভিন রাজ্যের দোকান থেকে সোনার গয়না কিনে নিল সাইবার প্রতারকরা! প্রথমে হতবাক হয়ে যান বাগুইআটির যুবক। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না। পরে বুঝতে পারেন, তিনি প্রতারকদের খপ্পরে পড়েছেন। সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইমে অভিযোগ নথিভুক্ত করতে পুলিশের দ্বারস্থ হন তিনি। ওড়িশার একটি দোকান থেকে প্রতারকরা প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার সোনার গয়না কিনেছে। বাগুইআটির দেশবন্ধুনগরের ওই যুবক শনিবার বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

প্রতারিত যুবক পুলিশকে জানিয়েছেন, তাঁর সম্পূর্ণ অজান্তে মোট ৩ লক্ষ ৩৭ হাজার ৯৯৯ টাকা ওই সোনার দোকানে লেনদেন হয়েছে। বিষয়টি নজরে আসার পরই তিনি ন্যাশনাল সাইবার অপরাধ হেল্পলাইন (১৯৩০)-এ যোগাযোগ করেন। পাশাপাশি, তিনি সংশ্লিষ্ট দুই ব্যাংক কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানান। এমনকি, ট্রানজাকশনের সূত্র ধরে গয়নার দোকানের সঙ্গেও যোগাযোগ করেন। দোকান কর্তৃপক্ষও তাঁকে জানায়, ওই অর্থ ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে জমা পড়েছে।পুলিশ জানিয়েছে, তদন্তে জানা গিয়েছে, ২ ব্যক্তি ওড়িশার ওই দোকানে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করে সোনা কিনেছে। প্রতারকদের শনাক্ত করা এবং টাকা উদ্ধারের জন্য গয়নার দোকানের সিসি ক্যামেরার ফুটেজ, কেনাকাটার রেকর্ড ও ক্রেতাদের পরিচয় সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ। কীভাবে যুবকের ক্রেডিট কার্ড প্রতারকরা ব্যবহার করল, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, সাইবার প্রতারকদের ফাঁদে পা দিয়ে বাগুইআটির এক গৃহবধূ প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা খুইয়েছেন। তিনিও থানায় অভিযোগ করেছেন। কেওয়াইসি আপডেটের জন্য ব্যাংকের প্রতিনিধি পরিচয় দিয়ে প্রতারকরা তাঁকে ফোন করে। কীভাবে অনলাইনে তা আপডেট করতে হবে, প্রতারকরা তার ভুয়ো গাইডলাইনও দেয়। এমনকি, সাহায্য করার জন্য বধূকে প্রতারকরা ভিডিয়ো কলও করে। তাতে বিশ্বাস করে ওই বধূ ভিডিয়ো কলে দীর্ঘক্ষণ কথা বলেন। প্রতারকদের কথা অনুযায়ী পরপর কয়েকটি ক্লিক করেন। পরে ব্যাংকে গিয়ে জানতে পারেন, কেওয়াইসি আপডেটের নামে তাঁকে কেউ ফোনই করেননি।