পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ এড়াতে এয়ারপোর্টের আশপাশে প্রচার
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বার্ড স্ট্রাইক’ বা বিমানের সঙ্গে পাখির সংঘর্ষ এড়াতে বিশেষ উদ্যোগ নিল বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তা সংক্রান্ত বিশেষ পর্যালোচনা বৈঠকে বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয়। পরবর্তী পদক্ষেপ কী করা হবে, সেই সিদ্ধান্তও হয়েছে। প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হয়েছে ‘এভিয়েশন সেফটি অ্যাওয়ারনেস উইক’। নয়াদিল্লির রাজীব গান্ধী ভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে সপ্তাহব্যাপি এই কর্মসূচির উদ্বোধন করেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান পুনীত কানসাল। কলকাতার বিমানবন্দরেও এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরা। বিমান দুর্ঘটনার ক্ষেত্রে অন্যতম ঝুঁকি পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ। তা এড়াতে জনসচেতনতামূলক প্রচার অভিযান শুরু করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। খোলা জায়গায় আবর্জনা ফেলা এবং মাংসের দোকান থেকে পাখির আনাগোনা কীভাবে বিমান চলাচলের ক্ষেত্রে বিপদ তৈরি করতে পারে, তা স্থানীয় বাসিন্দাদের বোঝানো হবে বলে 

Advertisement

সিদ্ধান্ত হয়েছে। সেই মতো বিমানবন্দরের আশপাশের এলাকায় লিফলেট বিলি করে সাধারণ 
মানুষকে সচেতন করা হবে। খোলা জায়গায় বর্জ্য ফেলার ফলে পাখির জমায়েত বাড়তে পারে। মাংসের দোকানেও তারা আকৃষ্ট হয়। বিমান ওঠানামার সময় এসব পাখির সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।  এর পাশাপাশি, বিমানবন্দরের ভিতরেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। নিরাপত্তার উপরেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সব কর্মী, যাত্রী, এয়ারলাইন্সের মধ্যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। মূল বার্তা হল—নিরাপত্তা কোনো একক বিভাগের দায়িত্ব নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব।