সমাবর্তন যেন নির্বিঘ্নে হয়, যাদবপুরে উপাচার্যকে স্মারকলিপি টিএমসিপির
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব মানেই বিতর্ক! কখনো বিধিগত জটিলতায় সমাবর্তন উৎসব বৈধতা হারায়, কখনো পড়ুয়া বিক্ষোভে উত্তাল হয় ক্যাম্পাস। মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হয় পড়ুয়াদের ডিগ্রি প্রদানের অনুষ্ঠান। এ বছর সমাবর্তনে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে সোমবার স্মারকলিপি দিল বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিট।

Advertisement

প্রতি বছর ২৪ ডিসেম্বর সমাবর্তন আয়োজিত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। টিএমসিপির দাবি, এর জন্য প্রয়োজনীয় বৈঠক, বিশেষ করে কোর্ট এবং এগজিকিউটিভ কাউন্সিলের (ইসি) বৈঠক আগেভাগে সেরে রাখতে হবে। বিধিবদ্ধ বিষয়গুলির পাশাপাশি রীতি মেনে যা যা করা প্রয়োজন, সেই পদ্ধতিগত বিষয়গুলিও যথা সময়ে সেরে রাখতে হবে। অনেক সময় দেখা গিয়েছে, এসব নিয়ে নানা অভিযোগ উঠেছে সমাবর্তনে। কোনো পড়ুয়ার ডিগ্রি বা উচ্চশিক্ষার কেরিয়ার যাতে প্রশাসনিক জটিলতার ফাঁসে ব্যাহত না হয়, সে ব্যাপারে কর্তৃপক্ষকে উদ্যোগী হতে বলেছে তারা। ইউনিটের তরফে কিশলয় রায় এবং তীর্থরাজ বর্ধনরা অনুরোধ করেছেন, ‘সমাবর্তন উৎসবকে যেন পার্টিজান রাজনীতির মঞ্চ না করা হয়। এটি একটি অ্যাকাডেমিক ইভেন্ট। সেভাবেই যেন দেখা হয়। যাবতীয় প্রতিবাদ, বিক্ষোভ যেন সমাবর্তনকে বাঁচিয়েই করা হয়।’ শাসকপন্থীদের সমাবর্তনে ছড়ি ঘোরানোর বিষয়টি নিয়েও সতর্ক করেছে তারা।