নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একের পর এক ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের পথে যে বাধা তৈরি হয়েছিল, এবার তা কাটিয়ে রাজ্যে জাঁকিয়ে বসতে চলেছে শীতের আমেজ। বঙ্গোপসাগরে পরপর দুটি ঘুর্ণিঝড়ের প্রভাবে উত্তরের হাওয়ার প্রবেশে বাধা পাওয়ায় এতদিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। তবে এবার আবহাওয়ার পরিস্থিতি বদলাতে চলেছে। আগামী তিন দিনে রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে রাজ্যে মরশুমের প্রথম শীতের অনুভূতি মিলতে পারে। উত্তরের শুকনো হাওয়ার প্রবেশ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পতন দেখা যাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অক্টোবরের শেষ দিকে ঘূর্ণিঝড় ‘আর্নব’ এবং নভেম্বরের মাঝামাঝি ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন ঘটে। ঘূর্ণিঝড়ের জেরে বৃষ্টি ও মেঘলা আকাশের পরিস্থিতি তৈরি হওয়ায় উত্তরের শুকনো হাওয়া অবাধে রাজ্যে প্রবেশ করতে পারেনি। ফলে শীতের স্বাভাবিক আগমন পিছিয়ে যায়। আজ মঙ্গলবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি বেশি। গত কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৫ ডিগ্রি বেশি ছিল। পাহাড়েও এখনও পুরোপুরি জাঁকিয়ে বসেনি শীত। মঙ্গলবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যদিও এই তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি বেশি। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৬ ডিগ্রি বেশি।
এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার কিছু অংশে হালকা বৃষ্টির খবর মিলেছে। কুমারগ্রামে ২৫ মিলিমিটার এবং সংকোশ চা বাগানে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া আবহাওয়া দপ্তর। তবে এই বৃষ্টির পর্ব কাটিয়ে আগামী কয়েক দিনে তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নভেম্বরের শেষ সপ্তাহেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্তেই শীতের আমেজ আরও জাকালো হতে পারে।



