নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলত্যাগের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি সাজিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার দ্বারস্থ হলেন তৃণমূলের বিদ্রোহী ২০ সাংসদ। তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত যে সংসদীয় ও সাংবিধানিক বিধি মেনেই নেওয়া হয়েছে, স্পিকারের কাছে জমা দেওয়া জবাবে সেই দাবিই জোরালো ভাবে তুলে ধরেছেন তাঁরা। মঙ্গলবার ছিল দলত্যাগবিরোধী আইনে তাঁদের সাংসদ পদ খারিজের দাবিতে জমা পড়া আবেদনের পরিপ্রেক্ষিতে স্পিকারের পাঠানো নোটিসের জবাব দেওয়ার শেষ দিন।
এদিন এনসিপিআই এর সংসদীয় চেয়ারপার্সন কাকলি ঘোষদস্তিদার জানান, ২০ জন সাংসদই তাঁদের লিখিত জবাব স্পিকারের কাছে জমা দিয়েছেন। প্রত্যেক সাংসদের তরফে ১৭ থেকে ১৮ পাতার পৃথক জবাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, ' আমরা লোকসভার স্পিকারের কাছে জবাব জমা দিয়েছি। এনসিপিআই-তে যোগ দেওয়ার সিদ্ধান্তের স্বপক্ষে আমাদের বক্তব্য জানিয়েছি। সংসদীয় ও সাংবিধানিক সমস্ত নিয়ম মেনেই আমরা এনসিপিআই-তে যোগ দিয়েছি'।
উল্লেখ্য, তৃণমূল ছেড়ে এনসিপিআই-এর সঙ্গে হাত মেলানো ২০ সাংসদের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্পিকারের কাছে আবেদন জমা পড়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই সাংসদদের নোটিস পাঠিয়ে তাঁদের বক্তব্য জানতে চেয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বিদ্রোহী সাংসদদের দাবি, তাঁদের দল ছাড়ার সিদ্ধান্তের ক্ষেত্রে দলত্যাগবিরোধী আইনের কোনও বিধান লঙ্ঘিত হয়নি। ফলে তাঁদের সাংসদ পদ খারিজের কোনও আইনি ভিত্তি নেই। গত অগস্টের শেষ সপ্তাহ থেকেই একাধিক বার জবাব জমা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন সংশ্লিষ্ট সাংসদরা। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ এবং আইনজীবীদের পরামর্শ নিয়ে বিস্তারিত জবাব তৈরি করার যুক্তি দেখিয়ে তাঁরা সময় বাড়ানোর আবেদন জানিয়েছিলেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের অভিযোগ ছিল, নির্দিষ্ট কোনও যুক্তি না থাকায় জবাব তৈরি করতে সময় নিচ্ছেন বিদ্রোহী সাংসদরা। এ বার নির্ধারিত সময়সীমার শেষ দিনে জবাব জমা পড়ায় স্পিকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাজনৈতিক মহলের।



