সংবাদদাতা, বসিরহাট: নিত্যদিন যাত্রীদের ভোগান্তি চলছে হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি বাজারে গৌড়েশ্বর নদীর বেহাল ফেরিঘাট নিয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ফেরিঘাটটি বেহাল। প্রশাসনের পক্ষ থেকে মেরামতির কোনো উদ্যোগও নেওয়া হয়নি। ফলে এই ফেরিঘাট দিয়ে নদী পারাপার করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হয় নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দাদের। নদীতে ভাটা থাকলে দীর্ঘক্ষণ যাত্রীদের ফেরিঘাটে বসে থাকতে হয়। সঠিক সময় কাজের জায়গায় পৌঁছতে পারেন না বলে অভিযোগ। তাছাড়া পারাপারের সময় অধিকাংশ মানুষকে এক হাঁটু কাঁদায় নেমে তারপর নৌকোয় উঠতে হয়। সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় অসুস্থ ও গর্ভবতী মহিলাদের।



