Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাত্রীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ১

সোমবার বোলপুর স্টেশনে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কামরায় এক যাত্রীর পকেট থেকে ৫০হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দ্রুত পদক্ষেপ নিয়ে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল জিআরপি

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে  যাত্রীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ১
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: সোমবার বোলপুর স্টেশনে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কামরায় এক যাত্রীর পকেট থেকে ৫০হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দ্রুত পদক্ষেপ নিয়ে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল জিআরপি। ধৃতের কাছ থেকে ২০হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। 

Advertisement

জিআরপি সূত্রে জানা গিয়েছে, পাইকর থানার কামারপুর গ্রামের বাসিন্দা চন্দন রবিদাস ওইদিন বোলপুর থেকে মুরারই স্টেশনের উদ্দেশে রওনা দিচ্ছিলেন। তাঁর মেয়ে বোলপুরের একটি বেসরকারি নার্সিং কলেজে পড়াশোনা করেন। রেজিস্ট্রেশনের জন্য আগেই এক আত্মীয়ের কাছে কিছু টাকা জমা রেখেছিলেন তিনি। সেখান থেকেই ৫০হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। চন্দনবাবুর অভিযোগ, সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ তিনি বোলপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরার জন্য অপেক্ষা করছিলেন। ট্রেন আসার পর জেনারেল কামরায় ওঠার সময় দুই যুবকের আচরণে তাঁর সন্দেহ হয়। অভিযোগ, কামরায় ওঠার সঙ্গে সঙ্গেই তাঁদের মধ্যে একজন তাঁর পকেটে হাত ঢুকিয়ে টাকা বের করে নেয়। বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে জিআরপিকে জানান। ট্রেন ছেড়ে দেওয়ায় তাঁকে রেলের আপদকালীন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। পরে চন্দনবাবু সাঁইথিয়া স্টেশনে নেমে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে জিআরপি তৎক্ষণাৎ বিভিন্ন স্টেশনে খবর দেয়। সিটি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের গতিবিধি চিহ্নিত করা হয়। সেদিন রাতেই প্রান্তিক স্টেশন এলাকা থেকে হুগলির মগরার বাসিন্দা শ্যামল বৈদ্যকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০হাজার টাকা উদ্ধার হয়েছে। জেরায় সে বোলপুর স্টেশনে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জিআরপির দাবি। 
চন্দনবাবু বলেন, আমি অসুস্থ। বহু কষ্ট করে মেয়ের পড়াশোনার জন্য টাকা জোগাড় করেছিলাম। এভাবে চুরি হয়ে যাবে ভাবিনি। দ্রুত পুরো টাকা উদ্ধার হোক, এটাই চাই। জিআরপি সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় আরও অনেকের যোগ থাকতে পারে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তদন্ত চালানো হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ