সংবাদদাতা, কৃষ্ণনগর: পুজো মানেই নতুন পোশাক, সাজগোজ আর প্রিয়জনদের উপহার দেওয়ার আনন্দ। তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে উপহারের ধরনও। জামাকাপড়ের পাশাপাশি এবার পুজোর কেনাকাটায় বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে নানা ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট। মোবাইল, ক্যামেরা, স্মার্টওয়াচ, হেডফোন থেকে শুরু করে সাউন্ড সিস্টেম, পাওয়ার ব্যাঙ্ক—সবকিছুরই চাহিদা রয়েছে বাজারে। সেই সঙ্গে ঘর সাজানোর রকমারি আলো এবং বাড়ির নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা কেনার প্রবণতাও বেড়েছে। সব মিলিয়ে পুজোকে ঘিরে জমজমাট ইলেকট্রনিক্সের বাজার।
ইলেকট্রনিক্সের দোকানগুলিতে খোঁজ নিয়ে জানা গিয়েছে, অন্যান্য বছরের তুলনায় এ বছর পুজোর মরসুমে গ্যাজেট কেনার আগ্রহ কিছুটা বেশি। পুজোর আগে নতুন মোবাইল বা ক্যামেরা কেনার পরিকল্পনা অনেকেই করে রাখেন। উৎসবের মরসুমে বিভিন্ন সংস্থার বিশেষ ছাড়, আকর্ষণীয় অফার এবং উপহারের সুযোগ থাকায় ক্রেতাদের আগ্রহ বাড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে পছন্দের সামগ্রী কিনছেন অনেকেই। নিজের ব্যবহারের পাশাপাশি আত্মীয়স্বজন ও প্রিয়জনদের উপহার হিসেবেও ইলেকট্রনিক্স গ্যাজেট বেছে নিচ্ছেন অনেকে।
মোবাইল ও ক্যামেরার পাশাপাশি স্মার্ট ওয়াচ, হেডফোন এবং পাওয়ার ব্যাঙ্কের চাহিদাও রয়েছে। পুজোর দিনগুলিতে গান শোনা ও বাড়িতে উৎসবের পরিবেশ তৈরি করতে অনেকে কিনছেন নতুন সাউন্ড সিস্টেম। আবার বাড়ি ও বারান্দা সাজাতে নানা ধরনের আলোকসজ্জার সামগ্রীও কিনছেন ক্রেতারা। ছবি ও ভিডিয়ো তোলার নতুন অভিজ্ঞতা পেতে কয়েক জনের পছন্দের তালিকায় রয়েছে ড্রোন ক্যামেরাও।
অন্যদিকে, বাড়ির নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে কেনাকাটায়। পুজোর সময় অনেকেই পরিবার নিয়ে বাইরে ঠাকুর দেখতে বের হন। সেই সময় বাড়ির উপর নজরদারি রাখতে সিসি ক্যামেরা বসানোর দিকে ঝুঁকছেন অনেকে। ফলে ইলেকট্রনিক্সের বাজারে বিনোদন ও শখের সামগ্রীর পাশাপাশি নিরাপত্তার সরঞ্জামও ক্রেতাদের আকর্ষণ করছে। কৃষ্ণনগরের বাসিন্দা বিক্রম বিশ্বাস বলেন, পুজোর সময় ছবি তোলা, ভিডিয়ো করা এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর আনন্দই আলাদা। তাই ভালো ক্যামেরা ও মোবাইল কেনার ইচ্ছা সবার থাকে। তাই একটা মোবাইল নিলাম। জগদ্ধাত্রী পুজোর আগে ক্যামেরা কেনারও ইচ্ছা আছে।
একটি ইলেকট্রনিক্স দোকানের মালিক তন্ময় সাহা বলেন, পুজোর আগে ইলেকট্রনিক্স সামগ্রীর চাহিদা ভালোই রয়েছে। মোবাইল, হেডফোন, স্মার্ট ওয়াচের জিনিস কিনতে অনেকেই দোকানে আসছেন। নিজের ব্যবহারের পাশাপাশি আত্মীয়স্বজনকে উপহার দেওয়ার জন্যও অনেকে কিনছেন। এছাড়াও ক্রেতাদের মধ্যে ঘর সাজানোর আলোকসজ্জা কেনার প্রবণতাও রয়েছে। সময়ের সঙ্গে বদলাচ্ছে পুজোর কেনাকাটার ধরন। নতুন পোশাকের পাশাপাশি আধুনিক প্রযুক্তির নানা সামগ্রীও হয়ে উঠছে উৎসবের উপহার। সেই চাহিদাতেই পুজোর আগে জমে
উঠেছে কৃষ্ণনগরের ইলেকট্রনিক্সের বাজার। -নিজস্ব চিত্র



