নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: মানুষ পুজোর আনন্দে মেতে উঠেছেন। সকাল থেকে রাস্তায় ভিড়। সন্ধ্যা গড়িয়ে রাতে সেই ভিড় আরও বাড়ছে। ভিড়ের দাপটে যানজটে নাকাল মালদহ, রায়গঞ্জ, বালুরঘাট, গঙ্গারামপুর, ইসলামপুর শহর। মালদহের ইংলিশবাজারের রথবাড়ি মোড় থেকে ফোয়ারা মোড় পর্যন্ত দূরত্ব ১ কিমির সামান্য বেশি। কিন্তু এই পথটুকু পেরতে বাইক বা গাড়িতে সময় লাগছে প্রায় এক ঘণ্টা। চরমে উঠেছে টোটোর দাপট। একই অবস্থা কে.জে সান্যাল রোড বি.এস রোডে। ফোয়ারা মোড় থেকে মকদমপুর যেতে হলে বা সিঙ্গাতলার দিকে যেতে যানজটের ফাঁসে নাস্তানাবুদ হতে হচ্ছে। ইংলিশবাজার শহরের অন্যতম প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় থেকে পুরসভা, জেলা পরিষদের সামনে দিয়ে নেতাজি মোড়ের দিকে যাতায়াত করতে গিয়ে একই ভাবে দুভোর্গ পোহাতে হচ্ছে। পুজোর জন্য মাত্রাতিরিক্ত টোটো, বাইক, প্রাইভেট গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট সমস্যায় জেরবার হচ্ছে রায়গঞ্জ শহর। দিনের ব্যস্ততম সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যানজট হচ্ছে।
পুজোর আনন্দের মাঝে যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে বালুরঘাট শহরকে। পঞ্চমীর সকাল থেকে শহরের বিভিন্ন রাস্তায় টোটোর দীর্ঘ লাইন চোখে পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের সমস্যা আরও বাড়তে থাকে। বাজার করতে বেরিয়ে দীর্ঘক্ষণ ট্রাফিক জ্যামে আটকে থাকতে হয় অনেককে। একইভাবে ঠাকুর দেখতে বেরিয়েও যানজটে ফেঁসে যান দর্শনার্থীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, শহরের ভিতরে গাড়ি নিয়ে ঢুকতে অনেকে সমস্যায় পড়ছেন।
পুজোর ভিড় সামাল দিতে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হলেও যানজটের সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
ওদিকে, মালদহ শহরের বাঁশবাড়ি এলাকায় বিগবাজেটের পুজো শান্তিভারতী পরিষদের। ফলে বাঁশবাড়ি থেকে মালদহ টাউন স্টেশন পর্যন্ত যানজটে রীতিমতো হাঁসফাঁস অবস্থা। ইংলিশবাজারের বুড়াবুড়িতলায় শিবাজী সংঘের রূপালি মণ্ডপ ও প্রতিমার কারণে রথবাড়ি এলাকায় মারাত্মক যানজট হয়। বৃহস্পতিবার বিকালের পর গোটা শহরে যানবাহনের দাপটে রাস্তায় চলাচল কার্যত দায় হয়ে ওঠে।
এদিকে, জাতীয় সড়কে যানজটের জেরে বালুরঘাট ও মালদহগামী যানবাহনকে গঙ্গরামপুরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। পঞ্চমীর বিকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের রাজ্য সড়ক ও অভ্যন্তরীণ রাস্তায় যানজট হয়। এই যানজট কাটাতে আজ, ষষ্ঠী থেকে বিধিনিষেধ জারি করা হবে।
দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার অভিষেক গুপ্তা বলেন, পুজো সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য রাস্তায় পর্যাপ্ত পুলিশ ও ট্রাফিক পুলিশ মোতায়েন রাখা হচ্ছে। মালদহে যানজট।-নিজস্ব চিত্র



